রাজশাহী নগরীতে সেনাসদস্য পরিচয়ে প্রেমের ফাঁদ পেতে তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে শিপন মিয়া (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৩ সেপ্টেম্বর) র্যাব-৫ এর উপঅধিনায়ক মেজর আসিফ আল-রাজেক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার ভদ্রা বালিয়াপুকুর এলাকা থেকে শিপন মিয়াকে আটক করা হয়। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া মধ্যপাড়ার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে সেনাবাহিনীর কাপড়ের তৈরি ব্যাগপ্যাক ও মানিব্যাগ, একটি জাতীয় পরিচয়পত্র, একটি মোবাইল ফোন এবং একটি বাসের টিকিট জব্দ করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, প্রায় একমাস আগে ফেসবুক মেসেঞ্জারে ভুক্তভোগী তরুণীর সঙ্গে শিপনের পরিচয় হয়। তিনি বিভিন্ন ছবি ও ভিডিও দেখিয়ে নিজেকে সেনাসদস্য হিসেবে পরিচয় দেন এবং ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দেন। তরুণী রাজি হলে গত ৩১ আগস্ট সকালে তাকে রাজশাহী রেলস্টেশনে ডেকে নিয়ে জোরপূর্বক অপহরণ করে ঢাকায় নিয়ে যান। সেখানে তাকে কৌশলে অজ্ঞাত স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন শিপন।
পরে বিষয়টি ভুক্তভোগীর পরিবার জানতে পেরে কৌশলে বিয়ের প্রলোভন দেখিয়ে শিপনকে রাজশাহীতে ডেকে আনেন। গত সোমবার সন্ধ্যায় তরুণীর পরিবারের বাড়িতে আসার পর র্যাবকে খবর দেওয়া হয়। র্যাব সদস্যরা গিয়ে তাকে আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শিপন সেনাসদস্য নন। তিনি বিবাহিত এবং একটি সন্তানও রয়েছে। মোবাইল ফোন ঘেঁটে একাধিক নারীকে একইভাবে প্রতারণার প্রমাণও পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার শিপনের বিরুদ্ধে কাটাখালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদক আইনে মামলা করা হয়েছে বলেও জানান এ র্যাব কর্মকর্তা।
মেহেদী/