বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রী ও কলেজপড়ুয়া ছেলেকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সদর ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে প্রতিবেশীরা তাদের মরদেহ দেখে পুলিশকে খবর দেন।
নিহতরা হলেন- ওই গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রিস প্রামাণিকের স্ত্রী রানী খাতুন (৪০) ও ছেলে ইমরান প্রামাণিক (১৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী ইদ্রিসের স্ত্রী রানী ও ছেলে ইমরান বাড়িতে থাকতেন। সকালে তাদের না দেখতে পেয়ে প্রতিবেশীরা বাড়িতে ঢুকলে তাদের ঘরের বারান্দায় রানীর এবং শয়নকক্ষে ইমরানের মরদেহ দুটি হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মা-ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। তবে হত্যার কারণ তাৎক্ষণিক জানা যায়নি।
নিহতের মেয়ে ইলা প্রামাণিক বলেন, ‘আমার মা ও ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।’
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, 'নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
রিপন/রিফাত/