ময়মনসিংহে চালককে গলাকেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ভাটি বাড়েরা এলাকার বাইপাস সড়ক থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত অটোচালকের নাম মাসুদ মিয়া (৩৮)। তিনি জেলার ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান গ্রামের খোরশেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল চারটার দিকে ময়মনসিংহ শহরের আকুয়া এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হb মাসুদ। রাতে মাসুদকে নগরীর বাড়েরা এলাকার বাইপাস সড়ক থেকে নটরডেম কলেজ সড়কের পাশের নির্জন স্থানে নিয়ে কুপিয়ে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রক্তাক্ত অবস্থায় মাসুদ দৌড়ে বাইপাস সড়কে এসে পড়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।
রাত সাড়ে ৯টার দিকে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, 'মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হত্যায় জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।'
কামরুজ্জামান/মৌসুমী/