র্যাবের বিশেষ অভিযানে ঢাকার ধামরাইয়ে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ মো. কেতাবুল ইসলাম নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।
বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নজরুল ইসলামের বাড়ি থেকে এ মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তার কেতাবুল ইসলাম ওই বাড়ির ভাড়াটিয়া।
জানা গেছে, মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে র্যাবের একটি টহল দল কেতাবুল ইসলামকে বিশেষ নজরদারিতে রাখে। পরদিন বুধবার সকালে অভিযান চালিয়ে তার ভাড়া বাসা থেকে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব-৪ এর সদস্যরা।
গ্রেপ্তার কেতাবুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার চড়বাগডাঙা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব।
এ বিষয়ে সিপিসি-২, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম বলেন, “গতকাল থেকে কেতাবুলকে বিশেষ নজরে রাখি। আজ সকালে তার ভাড়া বাসা থেকে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়েছে। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা জানার চেষ্টা চলছে।”
তিনি আরও জানান, এই হেরোইন সাধারণত সাভার, আশুলিয়া, ধামরাই, মানিকগঞ্জসহ ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ করা হতো।
রুহুল/মেহেদী/