চাঁদপুরের শাহরাস্তিতে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক মাদরাসাশিক্ষককে আটক করেছে পুলিশ।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর সকালে উপজেলার চিতোষী সুলতানিয়া ফাজিল মাদরাসার ৭ম শ্রেণির দুই ছাত্রীকে মাদরাসাটির ইংরেজির শিক্ষক আব্দুল মালেক কুপ্রস্তাবসহ ভিকটিমদ্বয়ের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এতে এক শিক্ষার্থী চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করলে শিক্ষক আব্দুল মালেক তাকে শ্রেণিকক্ষের বেঞ্চিতে শুইয়ে ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে মাদরাসার অধ্যক্ষের কাছে গিয়ে বিষয়টি জানালে তিনি ভুক্তভোগী শিক্ষার্থীকে ধমক দেয়। এ সময় কোনো প্রতিকার না পেয়ে ভুক্তভোগী শাহরাস্তি মডেল থানায় একটি মামলা করে। পরে শনিবার রাতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
এ ঘটনায় মাদরাসার অভিভাবক সদস্য ইব্রাহিম খলিল মঞ্জু বলেন, আমি বিষয়টি ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের কাছ থেকে জেনেছি। অধ্যক্ষ একরামুল হক মজুমদার বিষয়টি সমাধানে চেষ্টা করলে এতো দূর যেতো না, এখানে অধ্যক্ষের গাফিলতি রয়েছে।
চিতোষী সুলতানিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ বলেন, আপনি বিষয়টি কোর্ট থেকে জানেন, আমি বক্তব্য দিতে পারব না।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
ফয়েজ/অমিয়/