ময়মনসিংহে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, লোহার ছুরি, হাতুরি ও অন্যান্য সরঞ্জামাদিসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ র্যাব- ১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার রাত দুইটায় সদর উপজেলার দাপুনিয়া বাজারস্থ খেজুরতলা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আব্দুল হালিম (৫০), জাকির হোসেন (২১), জালাল উদ্দিন (৫০), আলম মিয়া (৪০), আল আমিন (৩০) ও শফিকুল ইসলাম (২৭)। এদের মধ্যে শফিকুল ইসলাম বগুড়া জেলার সোনাতলা থানা এলাকার ও অন্যরা ময়মনসিংহের বিভিন্ন জেলার বাসিন্দা।
র্যাব জানায়, রাতে দাপুনিয়া বাজারস্থ খেজুরতলা মোড়ে আনান কেটিনেট ফার্মের কারখানার সামনে ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কের উপর চেকপোস্টে বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছিল র্যাব সদস্যরা। এ সময় ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার সিগনাল দিয়ে থামিয়ে চালকসহ ভেতরে থাকা অন্যদের ব্যাগের মধ্যে কি আছে জানতে চাইলে তারা ইতস্তত বোধ করেন এবং অসংলগ্ন কথাবার্তা বলেন। এতে সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেন এবং তাদের সঙ্গে দেশীয় অস্ত্র-সস্ত্র আছে বলে জানান। এ সময় তাদের দেহ ও গাড়ি তল্লাশী করে ৩টি চাপাতি, একটি লোহার ছুরি, একটি হাতুরি ও অন্যান্য সরঞ্জামাদিসহ প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং তাদের ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, গ্রেপ্তার ৬ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
মিন্টু/মেহেদী/