পটুয়াখালীর বাউফলে মাদরাসাপড়ুয়া নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অনিক (২০) নামে এক যুবকের বিরুদ্ধে।
শনিবার (১০ জানুয়ারি) রাতে এ বিষয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে সদর ইউনিয়নের গোসিংগা ও বিলবিলাস গ্রামের দুই বান্ধবী মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে আসেন। এর পর তারা আর বাড়ি ফিরে যাননি। ওই ঘটনার পরে দুই পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট মাদরাসায় এসে খোঁজ নিয়ে জানতে পারেন, তারা মাদরাসায় যায়নি। বিভিন্ন স্থানে খোঁজ করে তাদের না পেয়ে পরদিন (৮ জানুয়ারি) দুপুরে পরিবারের সদস্যরা বাউফল থানায় সাধারণ ডায়েরি করেন।
ভুক্তভোগী দুই শিক্ষার্থী জানান, অনিক তার বান্ধবীকে বাসায় ডাকেন। পরে তার বান্ধবী অপর এক সহপাঠীকে নিয়ে অনিকের বাসায় যায়। সেখানে অনিক তাদের দুই বান্ধবীকেই ধর্ষণ করেন। পরে তারা বাউফল থানায় এসে অভিযোগ দেন। এর আগে উপজেলার নূরজাহান গার্ডেনসহ বিভিন্ন স্থানে একই সঙ্গে অবস্থান করেছিলেন বলে তারা জানান।
অভিযুক্ত অনিক ঘটনার পর পলাতক রয়েছেন। তিনি উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের খলিলুর রহমান খোকনের ছেলে।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান জানান, ভিকটিম দুজন শিক্ষার্থী থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মশিউর মিলন/অমিয়