রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৬) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১২ জানুয়ারি) সকালে র্যাব সদর দপ্তর থেকে এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে বাগেরহাট সদর থানা এলাকায় র্যাব-৩ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে মিলনকে গ্রেপ্তার করা হয়।
গত শনিবার রাজধানীর দক্ষিণ বনশ্রীর ভাড়া বাসায় দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার লিলিকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়।
লিলি হবিগঞ্জের লাখাই থানার বামৈন গ্রামের সজিব মিয়ার মেয়ে। বাবা-মা ও বোনের সঙ্গে দক্ষিণ বনশ্রীর ওই বাসায় থাকতো সে। তবে ঘটনার সময় লিলির পরিবারের কেউ বাসায় ছিলেন না। পরে বিকেলের দিকে জিম থেকে বাসায় ফিরে লিলিকে গলাকাটা অবস্থায় পেয়ে থানায় খবর দেন তার বোন।
পুলিশ জানায়, লিলির বাবা সজীব মিয়ার হোটেলের ব্যবসা। সেখানেই কাজ করা মিলন দুপুরের খাবার খেতে সেদিন বাসায় ঢুকেছিলেন। প্রাথমিকভাবে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় তাকেই সন্দেহ করা হয়। পরদিন সকালে মিলনকে প্রধান আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করে লিলির পরিবার।
অমিয়/