চট্টগ্রামের সীতাকুণ্ডে দাবীকৃত চাঁদা না দেওয়ায় মো. আব্দুস সালাম (৪৬) নামের এক দলিল লেখকের ওপর হামলা করেছে চাঁদাবাজরা। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেএক্সে নিয়ে চিকিৎসা দেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালেও ভুক্তভোগী আব্দুস সালামের ঘরে এসে সন্ত্রাসীরা হুমকি দিয়ে যায়। বর্তমানে সে ও তার পরিবার নিরাপত্তায় হীনতায় ভুগছে। আব্দুস সালাম বলেন, বিভিন্ন সময় আমাকে মুঠোফোনে হুমকি দিয়ে চাঁদা দাবির মোবাইল রেকর্ডিং আমার কাছে সংরক্ষিত আছে।
এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ মুরাদপুর জামালিয়া দরবার শরীফ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে দলিল লেখক আব্দুস সালাম বাদী হয়ে দুজন হামলাকারী ও ছয়জনকে অজ্ঞাত করে সীতাকুণ্ড থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লিখিত হামলাকারীরা হলেন, রিফাত (২০) ও জসিম উদ্দীন (৫৫)।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রিফাত ও জসিম দলিল লেখক সালামের কাছে দেড় লাখ টাকা দাবি করে আসছিল। দাবীকৃত চাঁদা না দিলে মেরে মরদেহ গুম করে ফেলার হুমকিও দেন তারা। এক পর্যায়ে, সোমবার সন্ধ্যা সাতটার দিকে রিফাত ও জসিমের নেতৃত্বে ৬-৭ জন সন্ত্রাসী এসে জামালিয়া দরবার শরীফ এলাকায় দলিল লেখকের ওপর অতর্কিত হামলা করে। হামলার এক পর্যায়ে সন্ত্রাসীরা তার গলায় মাফলার প্যাঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করেন। হামলাকারীরা তার পরিহিত পাঞ্জাবি ছিঁড়ে ফেলে এবং শরীরের বিভিন্ন জায়গায় জখম করে।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, আব্দুস সালাম নামের একজন দলিল লেখকের ওপর হামলার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মুসলেহ উদ্দীন/নাঈম