দাউদকান্দি উপজেলায় মোহাম্মদ রিফাত (১২) নাম এক কিশোর অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দাউদকান্দি উপজেলার জিংলাতলি ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মুখী মহাসড়কের সংলগ্ন জিংলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রামনগর এলাকার উত্তর পাশে ব্রিজের নীচে খালের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে।পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
হত্যাকাণ্ডের শিকার কিশোর অটোরিকশা চালক মোহাম্মদ রিফাত ( ১২) উপজেলার উত্তর নছরউদ্দিন গ্রামের মো. হাসান মিয়ার ছেলে।
রিফাতের গ্রামের প্রতিবেশী মো. শহিদুল্লাহ জানান, অভাবের কারণে রিফাতের লেখাপড়া বন্ধ হয়ে যায়। প্রতিদিন অটোরিকশা চালাত। বুধবার সকালে প্রতিদিনের মতো রিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরেনি। আত্মীয়-স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে পুলিশ অজ্ঞাত একটি লাশ উদ্ধার করে। আত্মীয়-স্বজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, ঘটনাস্থল থেকে একটি অজ্ঞাত লাশ আমরা উদ্ধার করি। উদ্ধারের পর লাশটি বিকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।
লিটন সরকার বাদল/এসএন