ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নৌকায় বসার জায়গা নিয়ে সহযাত্রীর ঘুসিতে মো. হানিফ মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের তিতাস নদীর মনু বাবুর ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত হানিফ স্থানীয় বগডহর গ্রামের হারিজ মিয়ার ছেলে৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ মিয়া মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নৌকায় করে মনুবাবুর ঘাট থেকে রওনা হন। এ সময় নৌকায় বসার জায়গা নিয়ে তার সঙ্গে বগডহর গ্রামের এলেম খাঁর প্রথমে তর্কাতর্কি হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় এলেমের ঘুসিতে আহত হন হানিফ মিয়া। পরে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম খবরের কাগজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আজিজুল সঞ্চয়/অমিয়/