গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি পূর্বপাড়া গ্রামে ১০ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার চার ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামি মোরসালিন শেখ ওরফে রাজুকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১০ মে) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
এর আগে গতকাল শনিবার রাত সোয়া ৩টার দিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, শনিবার বিষয়টি পুলিশের নজরে আসার সঙ্গে সঙ্গে রাত সাড়ে ১১টায় এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি মামলা করা হয়।
পুলিশ বলছে, গোপালগঞ্জ সদর থানার বনগ্রাম এলাকার ১০ বছর বয়সি শিশুটি গত ৩ মে কাশিয়ানী থানার নিজামকান্দি পূর্বপাড়ায় তার খালা জনি বেগমের বাড়িতে বেড়াতে আসে। একই এলাকার মোরসালিন শেখ ওরফে রাজু ভিকটিমের খালার প্রতিবেশী হওয়ায় তাদের বাড়িতে যাতায়াত ছিল। এর সুযোগে গত ৭ মে দুপুরে পুকুরে গোসলের কথা বলে ভিকটিমকে ডেকে নিয়ে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করেন। ভিকটিম অজ্ঞান হয়ে গেলে রাজু পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর ভিকটিম খালাকে বিষয়টি জানায়। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় খালা-খালু তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক খবরের কাগজকে বলেন, এ ঘটনায় মামলার পর সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানকে আসামি গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়। পরে বিশেষ অভিযানে কেরানীগঞ্জ থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
বাদল সাহা/অমিয়/