গোপালগঞ্জে ব্যাটারিচালিত রিকশা চুরির সন্দেহে আল আমীন শেখ (৩০) নামে এক রিকশা চালককে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২০ মে) রাতে গোপালগঞ্জ শহরের মধ্য মিয়াপাড়ার ডা. এম ডি রবিউল ইসলাম তুহিনের বাড়ির কেয়ারটেকার মো. কামরুল ঠাকুরের রুমের বাথরুম থেকে ওই রিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিকশাচালক আল আমিন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের বাসিন্দা।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়ির কেয়ারটেকার মোঃ কামরুল ঠাকুরের গ্যারেজের ব্যাটারী চালিত রিকশা ভাড়ায় চালাতো আল আমিন শেখ। দুইদিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হলে আল আমিন চুরি করেছে বলে সন্দেহ করা হয়।
বুধবার (২০ মে) আল আমিনকে ওই বাসায় আটকে রেখে মারধর করা হয়। এসময় আল আমিনের মাকে গ্রামের বাড়ি থেকে ডেকে আনা হলে তিনি ঘরের দরজা বন্ধ পান। পরে তিনি ডাকাডাকি করলে অভিযুক্ত কামরুলের ছেলে দরজা খুলে দিলে ভিতরে প্রবেশ করে বাথরুমের মধ্যে ছেলেকে পড়ে থাকতে দেখেন।
পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়ে। মরদেহের গলায় আঘাতে চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যু আসল রহস্য জানা যাবে। ঘটনার পর থেকে বাড়ির কেয়ারটেকার মোঃ কামরুল ঠাকুর পলাতক রয়েছে।
বাদল সাহা/আমান