দশম অধ্যায় : খনিজ সম্পদ: ধাতু ও অধাতু
সৃজনশীল প্রশ্ন ও উত্তর-৩
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
Z একটি মৌল যা পর্যায় সারণির তৃতীয় পর্যায়ে ও 16 নম্বর গ্রুপে অবস্থিত। মৌলটির গলনাঙ্ক 119°C.
ক. হাইড্রেটেড পানি কী?
খ. অ্যালকেন অপেক্ষা অ্যালকিন সক্রিয় কেন? ব্যাখ্যা করো।
গ. Z মৌলটি বিভিন্ন ধরনের পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, তা বিশ্লেষণ করো।
ঘ. Z মৌলটির অক্সাইড থেকে কীভাবে বহুল ব্যবহৃত অজৈব অ্যাসিড প্রস্তুত করতে হয়, তা ব্যাখ্যা করো।
উত্তর: ক. হাইড্রেটেড পানি: কিছু লবণ কেলাস তৈরির সময় নির্দিষ্ট সংখ্যক পানির অণু যুক্ত হয়ে কেলাসের অংশ হিসেবে থেকে যায়। এই যুক্ত হওয়া পানির অণুকে কেলাস পানি বা হাইড্রেটেড পানি বলে।
খ. অ্যালকেনের কার্বন-কার্বন একক বন্ধন থাকে, যা বেশ শক্তিশালী। অন্যদিকে, অ্যালকিনের কার্বন-কার্বন দ্বিবন্ধন থাকে, যার একটি বন্ধন দুর্বল পাই বন্ধন। এই দুর্বল পাই বন্ধনের কারণে অ্যালকিন সহজেই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং তাই অ্যালকেন অপেক্ষা অ্যালকিন বেশি সক্রিয়।
আরো পড়ুন : খনিজ সম্পদ: ধাতু ও অধাতু অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
গ. Z মৌলটি বিভিন্ন ধরনের পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে: পর্যায় সারণির তৃতীয় পর্যায়ে ও ১৬ নম্বর গ্রুপে অবস্থিত মৌলটি হলো সালফার (S)। সালফারের ইলেকট্রন বিন্যাস হলো [Ne] 3s² 3p⁴। সালফারের যোজ্যতা ইলেকট্রনগুলো হলো 3s এবং 3p অরবিটালে অবস্থিত। উত্তেজিত অবস্থায়, এই ইলেকট্রনগুলো 3d অরবিটালে স্থানান্তরিত হতে পারে। ফলে সালফার বিভিন্ন যোজ্যতা প্রদর্শন করে, যেমন +২, +৪ এবং +৬।
ঘ. Z মৌলটির অক্সাইড থেকে বহুল ব্যবহৃত অজৈব অ্যাসিড প্রস্তুতি: সালফারের অক্সাইড হলো সালফার ডাই-অক্সাইড (SO₂)। সালফার ডাই-অক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড (H₂SO₄) প্রস্তুত করা যায়। নিচে এর ধাপগুলো দেওয়া হলো-
সালফার ডাই-অক্সাইড তৈরি: সালফারকে বাতাসে পোড়ালে সালফার ডাই-অক্সাইড তৈরি হয়।
S (s) + O₂ (g) → SO₂ (g)
সালফার ট্রাই অক্সাইড তৈরি: সালফার ডাই-অক্সাইডকে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড (V₂O₅)-এর উপস্থিতিতে অক্সিজেনের মাধ্যমে জারিত করে সালফার ট্রাই অক্সাইড (SO₃) তৈরি করা হয়।
2SO₂ (g) + O₂ (g) → 2SO₃ (g)
সালফিউরিক অ্যাসিড তৈরি: সালফার ট্রাই অক্সাইডকে পানির সঙ্গে মিশিয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়।
SO₃ (g) + H₂O (l) → H₂SO₄ (aq)
লেখক : প্রধান শিক্ষক
হাজী রফিজুদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চবিদ্যালয়, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
কবীর