অধ্যায় তিন : জীবনের জন্য পানি
(গত ২৪ সেপ্টেম্বর প্রকাশের পর)
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: পুকুরের পানি থেকে আমরা কীভাবে নিরাপদ পানি পেতে পারি?
উত্তর: সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের নিরাপদ পানি পান ও ব্যবহার করতে হবে। তাই পানিকে পান বা ব্যবহার করার আগে পরিশোধন করে নিতে হয়। নিচের পদ্ধতিগুলো অবলম্বন করে পুকুরের পানি থেকে আমরা নিরাপদ পানি পেতে পারি-
(১) ছাঁকন: ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করার প্রক্রিয়াই হলো ছাঁকন। পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করা যায়। তবে এই প্রক্রিয়ায় প্রাপ্ত পানি পরিষ্কার হলেও তা জীবাণুমুক্ত নয়। তাই নিরাপদ পানির জন্য এই পানি ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হবে।
(২) থিতানো: একটি কলসি বা পাত্রে নদী বা পুকুরের পানি নিয়ে রেখে দিই। কিছুক্ষণ পর দেখা যাবে পাত্রের তলায় ময়লা জমেছে। ওপরের অংশের পানি পরিষ্কার হয়েছে। পানিতে থাকা ময়লা যেমন- বালু, কাদা ইত্যাদি সরানোর এই প্রক্রিয়াই হলো থিতানো।
(৩) ফুটানো: পানি জীবাণুমুক্ত করার একটি ভালো উপায় হলো ফুটানো। জীবাণুমুক্ত নিরাপদ পানির জন্য ২০ মিনিটের বেশি সময় ধরে পানি ফুটাতে হবে।
(৪) রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ: অনেক সময় বন্যা বা জলোচ্ছ্বাসের কারণে পানি ফুটানো সম্ভব হয় না। তখন ফিটকিরি, ব্লিচিং পাউডার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি পরিমাণমতো মিশিয়ে পানি জীবাণুমুক্ত করা হয়। বড় বড় শহরে বিশেষ প্রক্রিয়ায় নদীর পানি শোধন করে ঘরে ঘরে সরবরাহ করা হয়। তবে মনে রাখতে হবে আর্সেনিকযুক্ত পানি এসব প্রক্রিয়ার মাধ্যমে নিরাপদ করা যায় না। এভাবে ওপরের চারটি পদ্ধতির মাধ্যমে পুকুরের পানি থেকে আমরা নিরাপদ পানি পেতে পারি। তবে পুকুরের পানি শোধনের সর্বোত্তম পদ্ধতি হচ্ছে পানি ফুটানো।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর