দ্বিতীয় অধ্যায় : ভেক্টর
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: স্কেলার রাশি কাকে বলে?
উত্তর: যেসব রাশির শুধু মান আছে কিন্তু দিক নেই, তাদের স্কেলার রাশি বা অদিক রাশি বলে। সংক্ষেপে স্কেলার বলা হয়। যেমন- দৈর্ঘ্য, ভর, সময়, কাজ, শক্তি, ক্ষমতা, ঘনত্ব, বিভব, তাপ, তাপমাত্রা, জনসংখ্যা, দ্রুতি ইত্যাদি স্কেলার রাশি।
প্রশ্ন: ভেক্টর রাশি কাকে বলে?
উত্তর: যেসব রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়, তাদের ভেক্টর রাশি বা দিক রাশি বা সদিক রাশি বলে। সংক্ষেপে ভেক্টর বলা হয়। যেমন- সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ওজন, ঘূর্ণন বল, কৌণিক ভরবেগ, তলভেক্টর ইত্যাদি ভেক্টর রাশি।
প্রশ্ন: বল কী?
উত্তর: যে বাহ্যিক কারণ বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করে বা করাতে চায় তাকে বল বলে। বল একটি ভেক্টর রাশি।
প্রশ্ন: বলের ভ্রামক বা ঘূর্ণন বল বা টর্ক কাকে বলে?
উত্তর: ঘূর্ণায়মান কোনো বস্তুকণার অবস্থান ভেক্টর এবং বস্তুকণার ওপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে (ক্রস গুণনকে) ঘূর্ণন বল বা টর্ক বলে।
প্রশ্ন: কৌণিক ভরবেগ কী?
উত্তর: ঘূর্ণায়মান কোনো বস্তুকণার অবস্থান ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণফল (ক্রস গুণন)-কে কৌণিক ভরবেগ বলে।
প্রশ্ন: তল ভেক্টর কাকে বলে?
উত্তর: একই আবর্তে (ডানাবর্তে বা বামাবর্তে) কোনো রেখা টেনে স্বল্পাংশে একটু তল চিহ্নিত করলে এই তলকে তল ভেক্টর বলে।
প্রশ্ন: একক ভেক্টর কী?
উত্তর: যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। মান শূন্য নয় এমন একটি ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে এবং সমান্তরালে একটি একক ভেক্টর পাওয়া যায়।
প্রশ্ন: শূন্য ভেক্টর কী?
উত্তর: যে ভেক্টরের অবস্থান আছে কিন্তু মান শূন্য, তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে। পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল দুটি সমান ভেক্টর বিয়োগ করে অথবা একটি ভেক্টরের সঙ্গে তার বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর যোগ করে শূন্য ভেক্টর পাওয়া যায়।
আরো পড়ুন :
প্রশ্ন: অবস্থান ভেক্টর কাকে বলে?
উত্তর: প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়, তাকে অবস্থান ভেক্টর বলে।
প্রশ্ন: ব্যাসার্ধ ভেক্টর কী?
উত্তর: একটি কণা বৃত্তপথে ঘুরতে থাকলে, কেন্দ্র ও পরিধিস্থ কণার অবস্থানের সংযোগকারী সরলরেখাকে ব্যাসার্ধ ভেক্টর বলে।
প্রশ্ন: লব্ধি ভেক্টর কী?
উত্তর: দুই বা ততোধিক ভেক্টরের সম্মিলিত ক্রিয়ায় তৃতীয় যে ভেক্টরের উৎপত্তি ঘটে, তাকে লব্ধি ভেক্টর বলে।
প্রশ্ন: সদৃশ ভেক্টর বা সমদিক ভেক্টর বা সমান্তরাল ভেক্টর কাকে বলে?
উত্তর: সমজাতীয় অসমমানের দুই বা ততোধিক ভেক্টরের দিক যদি একই দিকে হয় তবে তাদের সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর বলে।
প্রশ্ন: বিসদৃশ ভেক্টর বা অসদৃশ ভেক্টর বা বিষম ভেক্টর কাকে বলে?
উত্তর: সমজাতীয় এবং অসমমানের দুই বা ততোধিক ভেক্টরের দিক যদি পরস্পর বিপরীতমুখী হয় তবে তাদের বিসদৃশ ভেক্টর বলে।
প্রশ্ন: সমান ভেক্টর বা সমভেক্টর কী?
উত্তর: দুই বা ততোধিক সমজাতীয় এবং সমমানের ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদের সমান ভেক্টর বা সমভেক্টর বলে।
প্রশ্ন: বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর বা ঋণ ভেক্টর বলতে কী বোঝো?
উত্তর: সমজাতীয় এবং সমমানের দুটি ভেক্টরের দিক যদি পরস্পর বিপরীতমুখী হয়, তাহলে এদের একটিকে অপরটির বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর বলে।
লেখক : সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ
দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
কবীর