তৃতীয় অধ্যায় : পদার্থের গঠন
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: 3215P আইসোটোপ কী বিশেষ কাজে ব্যবহার করা হয়?
উত্তর: 3215P আইসোটোপ কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এ ছাড়া কখন, কোন সার, কী পরিমাণ ব্যবহার করতে হবে তা জানতেও এই আইসোটোপ ব্যবহার করা হয়।
প্রশ্ন: গামা রশ্মি কী কাজে ব্যবহৃত হয়?
উত্তর: গামা রশ্মি ব্যাকটেরিয়াসহ অনেক জীবাণু ধ্বংসে ব্যবহৃত হয়। খাদ্যদ্রব্য বা ফলমূল সংরক্ষণের সময় যেন ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে সেজন্য মূলত গামা রশ্মি ব্যবহৃত হয়।
প্রশ্ন: দুটি মৌল A এবং B-এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে ১১ এবং ১৭। ইলেকট্রন বিন্যাস লিখে এই মৌলদ্বয় শনাক্ত করো।
উত্তর: A মৌলের পারমাণবিক সংখ্যা ১১ অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস ২, ৮, ১। সুতরাং মৌলটির নাম Na। B মৌলের পারমাণবিক সংখ্যা ১৭ অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস ২, ৮, ৭। সুতরাং মৌলটির নাম Cl।
প্রশ্ন: একটি পরমাণুর প্রথম কক্ষে ২টি, দ্বিতীয় কক্ষে ৮টি এবং তৃতীয় কক্ষে ৩টি ইলেকট্রন আছে মৌলটি শনাক্ত করো।
উত্তর: ২, ৮, ৩ ইলেকট্রন বিন্যাস সমৃদ্ধ মৌলটি হলো অ্যালুমিনিয়াম।
আরো পড়ুন : পদার্থের গঠন অধ্যায়ের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এসএসসি পরীক্ষার রসায়ন
প্রশ্ন: কী কারণে আইসোটোপগুলো একটি থেকে অন্যটি ভিন্ন হয়?
উত্তর: আইসোটোপগুলোর পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা বিভিন্ন হওয়ায় ভিন্ন ভরবিশিষ্ট আইসোটোপের পরমাণু পাওয়া যায়। এ কারণে আইসোটোপগুলো একটি থেকে অন্যটি ভিন্ন হয়।
প্রশ্ন: অক্সিজেনের ভর সংখ্যা ১৬ বলতে কী বোঝায়?
উত্তর: অক্সিজেনের ভর সংখ্যা ১৬ বলতে অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে মোট ১৬টি প্রোটন ও নিউট্রন আছে বোঝায়।
প্রশ্ন: সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ১১ বলতে কী বোঝায়?
উত্তর: সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ১১ বলতে সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে ১১টি প্রোটন আছে বোঝায়।
প্রশ্ন: বর্ণালি বলতে কী বোঝায়?
উত্তর: বর্ণালি হলো বিভিন্ন বর্ণের আলোর সমাবেশ।
কক্ষপথ থেকে ইলেকট্রন স্থানান্তরের সময় বিকিরিত ও শোষিত শক্তিকে বর্ণালি হিসেবে পাওয়া যায়। বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত পাশে বর্ণালি দেখা যায়। এই বর্ণালিও পরমাণু থেকে প্রাপ্ত বর্ণালির মতো একই রকম।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর