প্রথম অধ্যায় : সমাজকর্ম: প্রকৃতি ও পরিধি
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: সমাজকর্ম ধারণাটি ব্যাখ্যা করো।
উত্তর: সমস্যা সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া হলো সমাজকর্ম। সহজভাবে বলা যায়, সমাজকর্ম এমন একটি সাহায্যকারী পেশা যা মানুষকে এমনভাবে সাহায্য করে যাতে তারা নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে। শিল্পোত্তর সমাজের জটিল আর্থসামাজিক, মনস্তাত্ত্বিক ও পারিপার্শ্বিক সমস্যা সমাধানের প্রয়োজনে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা হিসেবে বিকাশ লাভ করেছে।
প্রশ্ন: সমাজকর্মের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর: সমাজকর্ম স্বতন্ত্র বৈশিষ্ট্যসম্পন্ন পেশাকর্ম। এর দুটি বৈশিষ্ট্য হলো-
১. সমাজকর্ম একটি সাহায্যকারী কার্যক্রম।
২. এটি একটি সামাজিক কার্যক্রম, যা প্রতিষ্ঠিত হয়েছে জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করার জন্য, মুনাফা অর্জনের জন্য নয়।
প্রশ্ন: সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়?
উত্তর: সামাজিক জীব হিসেবে সমাজে বাস করতে হলে প্রত্যেক সদস্যকেই কিছু কিছু দায়িত্ব পালন করতে হয়। এসব দায়িত্ব পালন করার রীতিকেই সামাজিক দায়িত্ববোধ বলে। সামাজিক দায়িত্ব মূলত এক ধরনের শিষ্টাচার বা নীতি যা সমাজের প্রতি দায়িত্ব পালনকে নির্দেশ করে। সমাজকর্মে বিশ্বাস করা হয়, সামাজিক দায়িত্ব পালনের মধ্য দিয়েই মানুষ স্বীয় অধিকার ভোগ করতে পারে। তাই সামাজিক দায়িত্ববোধ সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ মূল্যবোধ।
প্রশ্ন: সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা, ব্যাখ্যা করো।
উত্তর: সমাজকর্ম সাহায্যার্থীর সামাজিক ভূমিকা পালন, উন্নয়ন, সংরক্ষণ ও আত্মবিশ্বাস পুনরুদ্ধারে ভূমিকা রাখে। যে কারণে একে সাহায্যের পেশা বলা হয়। সমাজকর্ম মূলত একটি বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সাহায্যকারী পেশা। যার মূল লক্ষ্য সামাজিক বিভিন্ন সমস্যায় আক্রান্ত সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সাহায্য করা, যাতে তারা নিজ ক্ষমতা ও সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সমস্যার কার্যকর মোকাবিলায় সক্ষম হয়।
প্রশ্ন: বহুমুখী সমস্যার সমাধান বলতে কী বোঝায়?
উত্তর: সমাজজীবন থেকে সব ধরনের জটিল সমস্যা দূর করে পরিকল্পিত উপায়ে কাঙ্ক্ষিত ও গঠনমূলক আর্থসামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টির মাধ্যমে মানুষের দৈহিক, মানসিক, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক তথা সামগ্রিক কল্যাণ সাধনে যে সমাধান প্রক্রিয়া অনুসরণ করে, তা বহুমুখী সমস্যার সমাধান প্রক্রিয়া। আধুনিক সমাজের জটিলতা থেকে মুক্ত করতে ব্যক্তি, দল বা সমষ্টির সামগ্রিক ব্যবস্থা বিবেচনায় নিয়ে সমাজকর্মের বহুমাত্রিক কার্যক্রমকে বহুমুখী সমাধান প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করা যায়। যে কারণে সমাজকর্মকে বহুমাত্রিক পেশাও বলা হয়।
প্রশ্ন: বহুমুখী কর্মসূচির ধারণা দাও।
উত্তর: সমাজকর্ম একটি মানব উন্নয়নমূলক পেশা। সমাজের বহুমুখী সমস্যা সমাধানের জন্য সমাজকর্ম বহুমুখী কর্মসূচির সাহায্য নিয়ে থাকে। বহুমুখী কর্মসূচির মধ্যে শহর সমাজসেবা, গ্রামীণ সমাজসেবা, বিদ্যালয় সমাজকর্ম, হাসপাতাল সমাজকর্ম, প্রবীণ সমাজকর্ম, শিশুকল্যাণ, নারীকল্যাণ অন্যতম।
প্রশ্ন: আত্মকর্মসংস্থান বলতে কী বোঝায়?
উত্তর: ব্যক্তি নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করলে তাকে আত্মকর্মসংস্থান বলে। আরো স্পষ্ট করে বলা যায়, নিজস্ব অথবা ঋণ করা স্বল্প সম্পদ নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলা হয়।
প্রশ্ন: সম্পদের সদ্ব্যবহার বলতে কী বোঝায়?
উত্তর: মানুষের চাহিদা অসীম কিন্তু সম্পদ সীমিত। এ সীমিত সম্পদের মাধ্যমেই মানুষকে তার চাহিদা পূরণ করতে হয়। চাহিদা পূরণের ক্ষেত্রে যদি সম্পদের সঠিক ব্যবহার করা না যায় তাহলে চাহিদার অপূর্ণতা থেকে যায়। চাহিদার আলোকে সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে চাহিদা পূরণ করাকেই সম্পদের সদ্ব্যবহার বলা হয়। সমাজকর্মের জ্ঞান সম্পদের সর্বাধিক ও সর্বোত্তম ব্যবহারে সহায়তা করে।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর