দ্বিতীয় অধ্যায় : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
(গত ১৮ ফেব্রুয়ারি প্রকাশের পর)
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: সামাজিক পরিবর্তন বলতে কী বোঝায়?
উত্তর: সামাজিক পরিবর্তনের ইংরেজি প্রতি শব্দ হলো- Social Change. সমাজকাঠামো বা সামাজিক সংগঠনের মধ্যে সংঘটিত রদবদলই সামাজিক পরিবর্তন।
সামাজিক পরিবর্তনের সংজ্ঞায় সমাজবিজ্ঞানী মরিস জিন্সবার্গ বলেন, “সামাজিক পরিবর্তন বলতে সামাজিক কাঠামো এবং তৎসম্পর্কিত কার্যাবলির পরিবর্তনসহ যেসব আদর্শ, মূল্যবোধ ও বিধিব্যবস্থা সামাজিক কাঠামোকে সংহত করে এবং বিভিন্ন অংশের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সেগুলোর পরিবর্তনকে বোঝায়।”
প্রশ্ন: শিল্পায়ন বলতে কী বোঝায়?
উত্তর: শিল্পায়ন এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যাকে উৎপাদন পদ্ধতিতে প্রয়োগ করে সনাতন উৎপাদন প্রক্রিয়াকে যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে পরিবর্তন করা হয়। সনাতন উৎপাদন পদ্ধতির পরিবর্তে বিজ্ঞানভিত্তিক যান্ত্রিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে বৃহৎ আকারের উৎপাদন পদ্ধতি প্রবর্তনের প্রক্রিয়াকে শিল্পায়ন বলা হয়।
প্রশ্ন: নগরায়ণ কী?
উত্তর: নগরায়ণ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায়, যাতে কৃষিভিত্তিক পেশা বা জীবনব্যবস্থা থেকে অকৃষিভিত্তিক পেশায় বা জীবনপদ্ধতিতে মানুষ স্থানান্তরিত হয়। গ্রামীণ জীবনপদ্ধতি থেকে শহুরে জীবনপদ্ধতিতে রূপান্তরিত হওয়া এবং সেই মোতাবেক ব্যবহারিক, রীতিনীতির পরিবর্তন সাধনই হচ্ছে নগরায়ণ।
প্রশ্ন: শিল্প দুর্ঘটনা বলতে কী বোঝায়?
উত্তর: শিল্প দুর্ঘটনা বলতে শিল্পক্ষেত্রে দুর্ঘটনাকে বোঝায়। শিল্পায়নের ফলে শ্রমিকশ্রেণি যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হতে শুরু করে। ফলে তারা পেশাগত বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে অকালমৃত্যু, বিকলাঙ্গতা ও কর্মক্ষমতা হারিয়ে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়। এটাই শিল্প দুর্ঘটনা।
প্রশ্ন: পঞ্চদৈত্য বলতে কী বোঝায়?
উত্তর: বিভারিজ রিপোর্টে মানবসমাজের অগ্রগতির পথে অন্তরায় বা প্রতিবন্ধক হিসেবে পাঁচটি সমস্যাকে চিহ্নিত করা হয়। এ পাঁচটি সমস্যাকে স্যার উইলিয়াম বিভারিজ পঞ্চদৈত্য বলে অভিহিত করেছেন। সমস্যাগুলো হলো- অভাব, অজ্ঞতা, রোগ, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ ও অলসতা।
প্রশ্ন: দরিদ্র আইন বলতে কী বোঝায়?
উত্তর: দরিদ্র আইন একটি সামগ্রিক ও সাধারণ পরিভাষা। দরিদ্রদের অর্থনৈতিক ও সামাজিক সেবা প্রদান, দরিদ্রদের নিয়ন্ত্রণ অথবা দারিদ্র্যতা প্রসার প্রতিরোধকল্পে সরকারি পর্যায়ে গৃহীত যেকোনো আইনগত ব্যবস্থাকে দরিদ্র আইন বলা হয়। বস্তুত, চতুর্দশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত ইংল্যান্ড এবং আমেরিকাতে সরকার প্রণীত দরিদ্রদের নিয়ন্ত্রণ ও দমনমূলক আইনকে দরিদ্র আইন বলা হয়। এ আইনে দরিদ্রদের পরিদর্শকরা দরিদ্র আইন বাস্তবায়নে নিয়োজিত থাকবেন। ১৯০৫ সালে দরিদ্র আইন কমিশন গঠন করা হয়।
প্রশ্ন: সামাজিক বিচ্ছিন্নতা বলতে কী বোঝায়?
উত্তর: সমাজবিজ্ঞানের পরিভাষায়, বিচ্ছিন্নতা বলতে সমাজ ও গোত্রের অন্য মানুষদের থেকে একজন ব্যক্তির নিজেকে বিচ্ছিন্ন ভাবার প্রবণতাকে বোঝায় এবং সামাজিক বিচ্ছিন্নতা এমন এক অনুভূতি যেখানে সংশ্লিষ্ট ব্যক্তির পছন্দের সামাজিক যোগাযোগ নেই। গবেষকরা নিঃসঙ্গতাকে সামাজিক বিচ্ছিন্নতা হিসেবে আখ্যায়িত করেছেন।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর