অনুচ্ছেদ লিখন
বৃক্ষরোপণ
পশুপাখি ও মানুষ সৃষ্টির আগে বনের সৃষ্টি হয়েছিল। আমাদের খাদ্য, বাসস্থান, হাতিয়ার, যানবাহন সবকিছু বনের গাছপালা জুগিয়ে এসেছে। পরে মানুষ বন কেটে বসতি স্থাপন করেছে। গ্রামকে শহর বানাতে আরও গাছ কেটেছে। তারপর শিল্প ও রকমারি কাজে ব্যবহারের উদ্দেশ্যে গাছ কাটা এমন বেড়েছে যে আজ দেশের বনভূমি নির্মূল হতে চলেছে। ফলে আমরা নিজেদের জীবন বিপন্ন করছি দিনকে দিন। আমাদের নিশ্বাসের সঙ্গে যে কার্বন ডাই-অক্সাইড বেরিয়ে আসছে তা বাতাসকে ক্রমশ দূষিত করছে। কারখানার চিমনির ধোঁয়া, রান্নাঘরের চুলার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া বাতাসকে দূষিত করছে। এভাবে আমরা ধীরে ধীরে বায়ুদূষণের শিকার হচ্ছি। এই বিপদ থেকে বৃক্ষ আমাদের বাঁচাতে পারে। বৃক্ষ বাতাসের কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেনের গ্যাস বাতাসে ফিরিয়ে দেয়। এই অক্সিজেন আমাদের প্রাণস্বরূপ। কাজেই লোকালয়ের চারপাশে যত বেশি গাছ লাগানো যাবে, আমরা তত বেশি নিরাপদ থাকব। বাতাস দূষণমুক্ত করা ছাড়াও গাছ আমাদের নানাভাবে উপকার করে। গাছ প্রাণিজগৎকে খাদ্য জোগায়, ফুল দিয়ে পরিবেশ সুন্দর করে, প্রচুর বৃষ্টিপাত ঘটায়, জমির ক্ষয়রোধ করে। তাই প্রত্যেকের উচিত যত বেশি সম্ভব গাছ লাগানো, তা রক্ষণাবেক্ষণ করা, যত্ন করে গাছকে বড় করে তোলা।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর