কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহানের নিয়োগ বাতিল চেয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি পেশ করেছেন কানাডা প্রবাসী বাংলাদেশি কমিউনিটি।
স্থানীয় সময় সোমবার (১৯ আগস্ট) সকালে অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার দেওয়ান আইয়ুবের কাছে অটোয়া বাংলাদেশি কমিউনিটির নেতারা এ দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন।
এ সময় কানাডা প্রবাসীরা বলেন, ‘নাহিদা সোবহান জেনেভায় দায়িত্ব পালনকালে সাবেক স্বৈরাচার শেখ হাসিনার সব গুম-খুনের পক্ষে নিকৃষ্ট ভূমিকা পালনের পাশাপাশি কূটনৈতিকভাবে মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বিরোধীমত দমন-পীড়ন এবং পুলিশ-র্যাব-বিজিবিসহ রাষ্ট্রীয় নিপীড়ন যন্ত্রের পক্ষে সাফাই গেয়েছেন।’
প্রবাসীরা স্মারকলিপিতে বলেন, ‘সাম্প্রতিক সময়ে নাহিদা সোবহান জর্ডানে বাংলাদেশের কোটা আন্দোলনে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদকারী বাংলাদেশি শ্রমিকদের কারাগারে বন্দি করেছিলেন সে দেশের সরকারকে উদ্বুদ্ধ করে। আমরা নাহিদা সোবহানের মতো দলীয় সমর্থক কাউকে কানাডার হাইকমিশনার হিসেবে চাই না। তিনি একজন বিতর্কিত হাইকমিশনার।’
কানাডা প্রবাসীরা স্মারকলিপিতে আরও বলেন, ‘পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের অত্যন্ত আস্থাভাজন নাহিদা সোবহানের নিয়োগ বাংলাদেশি কমিউনিটির মাঝে ক্ষোভের জন্ম দিয়েছে। সারা দেশে যখন পতিত স্বৈরাচারের দোসরমুক্ত নতুন বাংলাদেশ গড়ার কাজ চলছে, সে মুহূর্তে কানাডার মতো দেশে এ ধরনের দালালদের পুনর্বাসন বাংলাদেশি কমিউনিটি কোনোভাবেই মেনে নেবে না।’
কমিউনিটির নেতারা বলেন, ‘অবিলম্বে নাহিদা সোবহানের নিয়োগ বাতিল করে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত নিতে হবে। এক্ষেত্রে যেকোনো ধরনের কালক্ষেপণ প্রবাসীরা মেনে নেবে না।’
তারা জানায়, তাদের এ দাবি মানা না হলে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টির দায় বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের ওপর বর্তাবে।
বাংলাদেশ কমিউনিটির পক্ষে হাইকমিশনে গিয়ে স্মারকলিপি পেশ করেন মিসবাহুল ইসলাম, মাসউদ আব্দুল্লাহ, লুতফর রহমান, নজরুল ইসলাম, মুসতাসিম বিল্লাহ, মনোয়ার হোসেন, মনজুর মোর্শেদ এবং নজরুল রহমান।
রিয়াজ/সালমান/