বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস বাহরাইনের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে বৈঠক করেছেন।
গত ২০ ও ২৯ জানুয়ারি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের পর পর দুটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক দুটিতে চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে যথাক্রমে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান এবং তৃতীয় সচিব মোহাম্মদ মামুনুর রশিদ তালুকদারও উপস্থিত ছিলেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. জায়ানি বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পাঠানো অভিনন্দন বার্তার পত্রটি চার্জ দ্য অ্যাফেয়ার্সের কাছ থেকে গ্রহণ করেন।
প্রধান উপদেষ্টা বাহরাইনের জাতীয় দিবস এবং রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সিংহাসনে আরোহণের ২৫ বছর পূর্তিসহ বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী বরাবর এ অভিনন্দন বার্তা পাঠান।
পরে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশ এবং বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়সহ দুদেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।
বিশেষ করে চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসাসহ সব ভিসা খুলে দেওয়ার জন্য অনুরোধ জানান।
এ প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী আলোচ্য বিষয় প্রধানমন্ত্রীর নজরে আনাসহ ইতিবাচক সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন।
এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী দূতাবাসের আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও আইনি সেবা দেওয়াসহ নানা অনুষ্ঠান আয়োজনের জন্য চার্জ দ্য অ্যাফেয়ার্সের প্রশংসা করেন এবং দূতাবাসের বাংলাদেশ-বাহরাইন ফ্রেন্ডশিপ ক্রিকেট কাপ, গালফ ফুটবল আসরের বাহরাইন-ওমান ফাইনাল লাইভ ম্যাচ সিনেমা হলে প্রদর্শন ও তিন দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেন।
একইসঙ্গে চার্জ দ্য অ্যাফেয়ার্স দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দূতাবাসের সঙ্গে যৌথভাবে লোগো ও বিশেষ প্রকাশনা উন্মোচনের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে এবং পররাষ্ট্রমন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
বিজ্ঞপ্তি/পপি/