ইতালির লেচ্চে (Lecce) শহরে বসবাসরত দুই প্রবাসী ভাইয়ের পারিবারিক কলহের জেরে বড় ভাই হুমায়ুন শেখের ছুরিকাঘাতে ছোট ভাই নয়ন শেখ নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে হত্যার বিষয়টি স্বীকার করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২৯ এপ্রিল) ইতালির লেচ্চে শহরে স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বড় ভাই হুমায়ুন শেখ উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে ছোট ভাই নয়ন শেখকে এলোপাতাড়ি আঘাত করেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনায় নিহত নয়ন শেখ (২১) ও অভিযুক্ত বড় ভাই হুমায়ুন শেখ (২৭) মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সোনারং এলাকার বাসিন্দা, তারা দেলোয়ার শেখের ছেলে।
ঘটনার পর ঘাতক হুমায়ুন শেখ ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি নিহত নয়নের রক্তাক্ত মরদেহ দেখান এবং নিজেই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেন। এমন মর্মান্তিক দৃশ্য দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ইতালির স্থানীয় পুলিশ অভিযুক্ত হুমায়ুন শেখকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছেন বলে জেনেছি।
তিনি আরও জানান, নিহতের স্ত্রী কিছুদিন আগে পারিবারিক কলহের জেরে থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সুমন/নাঈম