কোনো অফিসে চাকরির প্রথম দিন নিয়ে সবারই কম-বেশি ভয় থাকে। এই কোম্পানিতে হয়তো কাউকে আপনি চেনেন না, টিমের পরিস্থিতি সম্পর্কে ধারণা নেই, এমনকি এখানে নিজের দায়িত্বটাও হয়তো পুরোপুরি পরিষ্কার না এখনো। এমন অপরিচিত পরিবেশে ভয় পাওয়াটাই স্বাভাবিক।
প্রথম দিনের এই বিচলিত অবস্থা থেকে মুক্তি পেতে আপনাকে কিছু টিপস অবলম্বন করতে হবে, যা মেনে চললে আপনার ভয় দূর হবে। বাড়বে আত্মবিশ্বাস।
চাকরির দায়িত্বগুলো আবার একটু মনে করে নিন
অফিসের প্রথম দিন মানিয়ে নিতে গিয়ে আমরা অনেক সময় আমাদের কাজের মূল উদ্দেশ্যটাই ভুলে যাই। তাই নতুন অফিসে যাওয়ার আগে আরও একবার এই পজিশনে আপনার কাজের বিবরণ ভালোভাবে পড়ে নিন এবং নিজের দায়িত্বগুলো মনে করে নিন।
চাকরিদাতা আপনাকে নিয়োগ দেওয়ার পেছনে অবশ্যই উপযুক্ত কারণ রয়েছে। আপনার দক্ষতার ওপর তার বিশ্বাস আছে এবং আপনি এই চাকরির জন্য যোগ্য ব্যক্তি বলেই এই দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন।
নিজেকে অতিরিক্ত চাপ দেওয়া থেকে বিরত থাকুন
নতুন কোম্পানিতে নিজের দক্ষতা দেখাতে গিয়ে শুরুতেই নিজের ওপর এতটা চাপ তৈরি না করাই ভালো। আপনার দায়িত্ব শুধু আত্মবিশ্বাস বজায় রাখা, অফিসে কারও সঙ্গে খারাপ আচরণ না করা এবং শেখার আগ্রহ বজায় রাখা।
অফিসে কোনো ভুল করে ফেললে তা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা না করাই ভালো। ভুল থেকেই মানুষ শেখে, তাই চাকরিদাতার জন্য শুরুর দিকে আপনার ছোটখাটো ভুলকে খারাপ চোখে না দেখাই স্বাভাবিক।
তবে নিজের ভুল স্বীকার করার ব্যাপারে পিছপা হবেন না। ভুল ঢাকার চেষ্টা করে সময় নষ্ট করার চেয়ে সেই ভুল স্বীকার করে নিয়ে তার সমাধান খোঁজার চেষ্টা করলে তা সবার জন্যই ভালো। হতে পারে আপনি সহজেই সমাধান পেয়ে যাবেন।
মনে রাখুন যে, আপনি সারা জীবন ‘নতুন’ থাকবেন না
নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন দায়িত্ব- এসব কিছুর সঙ্গে মানিয়ে নিতে গিয়ে কিছুটা ভয় পেতেই পারেন। কিন্তু এসব কিছুই সাময়িক। কিছুদিন পার হলেই আপনি এই নতুন পরিবেশে অভ্যস্ত হয়ে উঠবেন। এর চেয়ে অনেক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েই আপনি চাকরিতে যোগদান করতে পারছেন। নিজেকে তাই মনে করিয়ে দিন যে, নিয়োগ প্রক্রিয়া পার করে এতদূর যখন আসতে পেরেছেন, নতুন পরিবেশে মানিয়ে নেওয়া সেখানে কোনো কঠিন বিষয়ই না।
নতুনত্ব উপভোগ করার সুযোগ বেশি একটা আসে না, আসলেও বেশি দিন থাকে না। তাই এই সময়টাকে ভয় না পেয়ে উপভোগ করার চেষ্টা করুন।
অফিসের নিয়ম মেনে চলুন
সব অফিসেই কিছু সাধারণ নিয়মকানুন থাকে। এই যেমন- সময়মতো অফিসে যাওয়া, মনোযোগের সঙ্গে কাজ করা, ঘন ঘন মোবাইল ব্যবহার না করা, চাকরির সঙ্গে অপ্রাসঙ্গিক জিনিস পড়া বা দেখা থেকে বিরত থাকা এবং সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করা। এ বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখলে আপনার চাকরির শুরু ভালোভাবেই হবে।
দায়িত্ব নেওয়ার আগে আরেকবার ভাবুন
অফিসকে খুশি করতে গিয়ে আমরা এমন দায়িত্ব নিয়ে ফেলি যা আমাদের পক্ষে পালন করা সম্ভব নয়। এর কারণে পরবর্তী সময়ে লজ্জায় পড়তে হয়।
যেকোনো নতুন কাজ বা দায়িত্ব নেওয়ার আগে আপনি তা করতে পারবেন কি না সেটা ভালোভাবে চিন্তাভাবনা করুন। প্রয়োজনে প্রশ্ন করুন এবং কাজ শুরু করার আগে কী করতে হবে তা পরিষ্কারভাবে জেনে নিন।
গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখে রাখুন
স্মৃতিশক্তির ওপর ভরসা না করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখাটাই ভালো। এই যেমন- সাধারণ নির্দেশনা, লগইনবিষয়ক তথ্য, কাজের তালিকা এমনকি সহকর্মীদের নামও। তাই হাতের কাছে কাগজ-কলম রাখুন এবং গুরুত্বপূর্ণ কিছু জানার পরপরই তা লিখে রাখুন। এতে করে আপনাকে কী করতে হবে এবং কী জানতে হবে সে ব্যাপারে সচেতন থাকতে পারবেন। আপনার মানসিক চাপও কমে আসবে।
নতুন পরিবেশের সঙ্গে পরিচয় যেমন ভয়ের, তেমনি আনন্দেরও। তাই নতুন অফিস কিংবা চাকরিতে ঘাবড়ে না গিয়ে বরং উৎসাহ ও আত্মবিশ্বাসের সঙ্গে এই অভিজ্ঞতাকে উপভোগ করুন। তাহলে শিগগিরই এই পরিবর্তনে অভ্যস্ত হতে পারবেন।
তারেক