দেশে রয়েছে হাজার রকমের ব্যবসা। একদিকে যেমন রয়েছে অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও বড় আকারের ব্যবসা। অন্যদিকে রয়েছে উৎপাদনশীল, ট্রেডিং ব্যবসা। কেউ আবার বিদেশ থেকে পণ্য আমদানি করে দেশীয় বাজারে তা বিক্রি করেন। আবার কেউ দেশে উৎপাদন করে বিদেশের বাজারে রপ্তানি করেন। কী ধরনের ব্যবসা করবেন, তা ব্যবসা যিনি করবেন, তাকেই ঠিক করতে হবে।
ব্যবসা শুরু করার আগে কিছু ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি। এর মধ্যে আছে লোকবল নিয়োগ কীভাবে করা যায় এর ওপর গবেষণা করা। সেই সঙ্গে প্রাথমিক ঝুঁকি সম্পর্কেও সতর্ক থাকতে হবে। নিচে ব্যবসার ঝুঁকি কমিয়ে কীভাবে সফল হওয়া যায় সেটার কৌশল নিয়ে আলোচনা করা হলো।
সঠিক মানুষ বেছে নিন
সব কাজ সবাইকে দিয়ে হয় না, যে মানুষ যে কাজ করতে দক্ষ তাকে সেই কাজ দিতে হয়। অদক্ষ মানুষ নিয়োগ করলে আপনার ব্যবসার সুনাম এমনভাবে নষ্ট হতে পারে, যেটা ফিরিয়ে আনা অসম্ভব। আর তাই ব্যবসায় উন্নতির জন্য আপনাকে দক্ষ ও ওই বিষয়ে অভিজ্ঞ জনশক্তি নিয়োগ করতে হবে। তা না হলে আপনার ব্যবসায় উন্নতি করা কষ্টকর হবে।
ঝুঁকির বিষয়টি মাথায় রাখুন
ব্যবসা শুরু করার সময় ঝুঁকির বিষয়টি মাথায় রাখতে হবে। সবকিছু নিয়ন্ত্রণ করা অনেক সময় অসম্ভব হয়ে যায়। আর এ কারণে ঝুঁকি কমানোর জন্য ব্যবসার ক্ষেত্রগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত। আপনি যদি ভালোভাবে আপনার ব্যবসা সম্পর্কে জানেন তাহলে আপনার ক্ষেত্রে ঝুঁকি কমানো অনেকটা সহজ হবে।
অন্যের সফল উপায় ব্যবহার করুন
আগে থেকে পরিচিত ও প্রতিষ্ঠিত উপায় ব্যবহার করে আয় বাড়ানোর চেষ্টা করুন। তাতে আপনার ব্যবসার অনেকটা ঝুঁকি কমবে। সম্পূর্ণ নতুন ধরনের ব্যবসা আইডিয়া নিয়ে কাজ করতে হলে সেক্ষেত্রে আপনাকে অনেক কিছু সম্পর্কে জানতে হবে। এ ছাড়া অনেক চিন্তা ভাবনা ও সময় যেমন ব্যয় হবে তেমন তাতে ঝুঁকিও থাকবে। তাই পূর্বপরিচিত বিষয়গুলো নিয়ে ব্যবসা শুরু অনেকটা নিশ্চিত থাকতে পারেন। এতে আপনার অনেক ঝুঁকি কমবে।
ক্রেতাদের সন্তুষ্ট রাখুন
ব্যবসার কেন্দ্রবিন্দু হচ্ছে গ্রাহক বা খরিদ্দার। তাই ক্রেতাদের সন্তুষ্টি করার জন্য তাদের দিকে মনোযোগী হন। এরা কী ধরনের সেবা আপনার কাছে পেতে চায় এ বিষয়ে খেয়াল রাখুন। কেননা আপনার ব্যবসার যদি গ্রাহক না থাকে তাহলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। তাই ক্রেতাদের প্রতি অধিক মনোযোগী হন।
মানিয়ে নিন
ব্যবসা করতে প্রতিনিয়ত নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আর এ ধরনের পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সব সময় এমন অবস্থায় নিজেকে মানিয়ে নিতে পারেন তারা ব্যবসা ক্ষেত্রে অধিক সাফল্য অর্জন করেন।
প্রতিষ্ঠানকে বড় করুন
ব্যবসার শুরুতে আপনি যদি আপনার উপার্জনের সব অর্থ আপনার নিজের জন্য ব্যয় করে ফেলেন তাহলে আপনার প্রতিষ্ঠানের সফলতা থমকে যাবে। তাই সব সময় লাভ উঠিয়ে না নিয়ে বরং আপনার প্রতিষ্ঠানকে বড় করার জন্য এ টাকাগুলো নিয়ে কাজ করে যাওয়া উচিত।
ব্যবসার প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে জানুন
যেকোনো ব্যবসা শুরু করার আগে ব্যবসার নানা ধরনের সুবিধা-অসুবিধা কিংবা প্রতিদ্বন্দ্বীদের অবস্থান সম্পর্কে চিন্তাভাবনা করা উচিত। অনেকেই ব্যবসায় নামার পর নানা প্রতিবন্ধকতা সম্পর্কে জানতে পেরে ব্যবসায় নিরুৎসাহিত হন। কিন্তু আগে থেকে বিষয়টি সম্পর্কে জানা থাকলে ব্যবসায় সফল হওয়া সহজ হয়।
তারেক/