সরকারি চাকরিকে বলা হয় সোনার হরিণ। সোনার হরিণখ্যাত সরকারি চাকরির যেমন সুবিধা রয়েছে ঠিক তেমনি রয়েছে কিছু অসুবিধাও। আবার তেমনি বেসরকারি চাকরিরও রয়েছে কিছু সুবিধা-অসুবিধা। বিস্তারিত জানাচ্ছেন আফসানা আক্তার
সরকারি চাকরির সুবিধা
চাকরির স্থায়িত্ব ও নিরাপত্তা: সরকারি চাকরিজীবীদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা প্রায় থাকে না, কারণ ছাঁটাই প্রক্রিয়া অত্যন্ত কঠোর এবং জটিল। বিশেষ করে অর্থনৈতিক মন্দার সময়ে এই নিরাপত্তা আরও বেশি মূল্যবান হয়ে ওঠে।
পেনশন ও আর্থিক সুবিধা: অবসরের পর সরকার থেকে নিয়মিত পেনশন দেওয়া হয়, যা শেষ জীবন পর্যন্ত আর্থিক নিশ্চয়তা দেয়। এর পাশাপাশি স্বাস্থ্য বিমা, সরকারি ঋণ ও অন্যান্য আর্থিক সুবিধা থাকে।
নিয়মিত কর্মঘণ্টা ও ছুটি: বেশির ভাগ সরকারি দপ্তরে নির্দিষ্ট কর্মঘণ্টা থাকে, যা কর্মজীবীদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনকে সুশৃঙ্খল করে তোলে। সরকারি সব ধরনের ছুটি যেমন- নিয়মিত ছুটি, অসুস্থতাজনিত ছুটি এবং উৎসবের ছুটিও নিশ্চিত থাকে।
সামাজিক মর্যাদা: সরকারি চাকরিকে সমাজে বিশেষ সম্মানের চোখে দেখা হয়, যা পরিবার ও সমাজে ব্যক্তির অবস্থানকে দৃঢ় করে তোলে।
বিভিন্ন ধরনের ভাতা: মূল বেতনের পাশাপাশি সরকারি চাকরিজীবীরা বিভিন্ন ধরনের ভাতা পান যেমন- বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত এবং উৎসব ভাতা।
সরকারি চাকরির অসুবিধা
ধীর পদোন্নতি ও বেতন বৃদ্ধি: সরকারি চাকরিতে পদোন্নতি সাধারণত জ্যেষ্ঠতার ওপর নির্ভর করে, ফলে মেধাবী ও কর্মঠ ব্যক্তিকেও অনেক সময় পদোন্নতির জন্য অপেক্ষা করতে হয়। বেসরকারি খাতের তুলনায় বেতন বৃদ্ধিও সাধারণত কম হয়।
আমলাতান্ত্রিক জটিলতা: সরকারি কাজকর্মে প্রায়শই দীর্ঘসূত্রতা ও জটিলতা দেখা যায়, ফলে অনেক সময় কাজে গতি কমে যায়।
সীমাবদ্ধ চিন্তাভাবনা: সৃজনশীলতা বা নতুন কিছু করার সুযোগ কম থাকে, কারণ সবকিছু নিয়মকানুনের ছকে বাঁধা।
বদলি হওয়ার সম্ভাবনা: প্রশাসনিক প্রয়োজনে সরকারি চাকরিজীবীদের এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হতে হয়, যা অনেক সময় পারিবারিক জীবনের ওপর প্রভাব ফেলে।
বেসরকারি চাকরির সুবিধা
দ্রুত পদোন্নতি ও উচ্চ বেতন: বেসরকারি প্রতিষ্ঠানে পারফরম্যান্স ও দক্ষতার ওপর ভিত্তি করে দ্রুত পদোন্নতি ও বেতন বৃদ্ধির সুযোগ থাকে। যোগ্য কর্মীরা কম সময়ে উচ্চ পদে যেতে পারেন।
উদ্ভাবনী পরিবেশ: বেসরকারি খাতের কর্মপরিবেশ সাধারণত গতিশীল এবং এখানে কর্মীদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে উৎসাহিত করা হয়। নতুন প্রযুক্তি ও কৌশলের সঙ্গে কাজ করার সুযোগ থাকে।
দক্ষতা বিকাশের সুযোগ: বেসরকারি প্রতিষ্ঠানগুলো কর্মীদের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার ব্যবস্থা করে থাকে, যা কর্মজীবীদের পেশাগত উন্নয়নে সহায়তা করে।
যোগাযোগের সুবিধা: উন্নত ও বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সাধারণত প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন সুবিধা, উন্নত স্বাস্থ্যসেবা এবং আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ থাকে।
বেসরকারি চাকরির অসুবিধা
চাকরির নিরাপত্তাহীনতা: বেসরকারি চাকরিতে চাকরির নিরাপত্তা তুলনামূলকভাবে কম। অর্থনৈতিক চাপ, বাজারের চাহিদা বা কোম্পানির পারফরম্যান্সের কারণে কর্মীদের ছাঁটাই হওয়ার ঝুঁকি থাকে।
অতিরিক্ত কাজের চাপ: অনেক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মঘণ্টা নির্ধারিত থাকলেও প্রায়ই কর্মজীবীদের অতিরিক্ত সময় কাজ করতে হয়। কাজের চাপ বেশি হওয়ায় কর্ম-জীবনের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে।
সীমিত অবসর সুবিধা: সরকারি চাকরির মতো বেসরকারি খাতে সাধারণত পেনশন সুবিধা থাকে না। অবসরের পর আর্থিক নিরাপত্তার জন্য কর্মীদের নিজেদেরই সঞ্চয় করতে হয়।
করপোরেট সংস্কৃতির চাপ: কিছু ক্ষেত্রে কর্মীদের ওপর নির্দিষ্ট কর্মসংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়, যা কর্মীদের মানসিক চাপ বাড়ায়।
আপনি কোন ধরনের চাকরি বেছে নেবেন, তা নির্ভর করে আপনার ব্যক্তিগত পছন্দের ওপর। যদি আপনি স্থিরতা, নিরাপত্তা এবং অবসরকালীন জীবন নিয়ে নিশ্চিত থাকতে চান, তবে সরকারি চাকরি আপনার জন্য উপযুক্ত হতে পারে। অন্যদিকে, যদি আপনি দ্রুত কর্মজীবনের অগ্রগতি, উচ্চ বেতন এবং সৃজনশীল কাজের পরিবেশ চান, তবে বেসরকারি খাত আপনার জন্য ভালো বিকল্প হতে পারে।
তারেক/