কর্মজীবনে সাফল্য পেতে কে না চায়! বিশেষ করে যখন বিষয়টি পদোন্নতির সঙ্গে সম্পর্কিত। তখন সবারই লক্ষ্য থাকে দ্রুত উচ্চ পদে পৌঁছানো। পদোন্নতি হলে কাজে যেমন উৎসাহ বাড়ে, তেমনি অর্থযোগও হয়। পাশাপাশি কাজের মূল্যায়ন হলে আত্মবিশ্বাসও বাড়ে। জেনে নিন কোন দিকগুলো থাকলে অফিসে আপনার পদোন্নতি পাওয়া সহজ হবে-
নেতৃত্বের গুণাবলি অর্জন করা
শুধু কাজ করাই যথেষ্ট নয়, বরং দল পরিচালনায় সক্ষম হতে হবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা ও সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখলে আপনাকে সহজেই ভবিষ্যতের নেতৃত্বের জন্য বিবেচনা করা হবে।
সময়মতো প্রতিভা দেখানো
সব কর্মীরই আলাদা আলাদা ক্ষমতা, সামর্থ্য ও প্রতিভা থাকে। নিজের প্রতিভা ও সামর্থ্যের সঙ্গে মিলিয়ে চাকরি বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। তাতে অন্তত মাছকে গাছে উঠতে বাধ্য করতে হয় না। এর বদলে তারা নিজেদের দক্ষতাকে ঝালাই করতে পারেন।
দুই দিকে ফোকাস
যারা প্রমোশন পান তারা প্রতিদিনের কাজ এবং বড় টার্গেটের মধ্যে ভারসাম্য বজায় রাখেন। যারা চমৎকার পারফর্মার তারা তাদের প্রয়োজনীয় তথ্য সম্পর্কে আগেভাগেই জেনে নেয়। বিশেষ করে যদি তাদের একটি নির্দিষ্ট সেক্টর সম্পর্কে খুব বেশি জ্ঞান না থাকে। এতে তাদের নিজের কাজগুলো সম্পন্ন করা অনেকটাই সহজ হয়।
নেটওয়ার্কিং বাড়ানো
কর্মস্থলে ভালো সম্পর্ক গড়ে তুলুন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখার পাশাপাশি সহকর্মীদের সঙ্গেও ভালো বোঝাপড়া রাখুন। এতে আপনার কর্মদক্ষতা ও সহযোগিতামূলক মনোভাবের প্রশংসা বাড়বে।
বসের কথা মেনে চলা
একজন বুদ্ধিমান কর্মী তার বস কী পছন্দ করে এবং তার লক্ষ্য কী তা বোঝার চেষ্টা করেন। তারা কাজ করার সময় অফিসের স্বার্থ মাথায় রাখেন। তারা এমন প্রকল্প এবং মিটিংয়ে অংশ নেন, যা তাদের আগ্রহের অংশ না হলেও শুধু বসের জন্য অগ্রাধিকার দেন। এ ছাড়া তারা এমন প্রকল্প গ্রহণ করেন, যা থেকে আরও তথ্য জানা যায়। বসের প্রকল্পের জন্য সহায়ক কাজগুলো তারা আগেভাগেই এগিয়ে রাখেন।
গসিপ না করা
সুপার পারফর্মাররা অফিস গসিপের বাইরে থাকে। এমনকি তার কাছে দাঁড়িয়ে গসিপ করলেও আপনি তার মুখ থেকে একটি শব্দও বের হতে শুনবেন না। এ ধরনের কর্মীরা তার অফিসে প্রতিকূল পরিস্থিতিতে পড়লে কারও ঘাড়ে দোষ চাপান না। এ ধরনের তুচ্ছ বিষয়ে সময় নষ্ট করা তাদের পছন্দ নয়। তারা আসে, কঠোর পরিশ্রম করেন, দুপুরের খাবারের সময় মজা করেন, কাজ শেষ করেন এবং অফিস শেষে বাড়িতে বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে যান।
সবার সঙ্গে বন্ধুত্ব করা
খুব কম মানুষই এমন বৈশিষ্ট্য ধারণ করতে পারে। একজন বুদ্ধিমান কর্মী অফিসের কারও সঙ্গে শত্রুতা করেন না, তিনি চান সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে। নিজে থেকে কোনো বিষয়ে রায় দিতে যাবেন না, যে বিষয়ে যার সিদ্ধান্ত নেওয়ার কথা, তাকে নিতে দিন। যদি কেউ আপনার সঙ্গে পরামর্শ করে তবে তখন তাকে সুপরামর্শ দিন। আপনার এসব স্বভাবই অফিসে প্রমোশনের ক্ষেত্রে সাহায্য করবে।
স্কিল ডেভেলপ করা
আজ আপনি যে স্কিল নিয়ে মার্কেট দাপিয়ে বেড়াচ্ছেন, কিছুদিন পরই হয়তো তার কার্যকারিতা হ্রাস পাবে। তাই সময়ের সঙ্গে তাল মেলাতে অবশ্যই নিজের স্কিল ডেভেলপমেন্টে মনোযোগী হন। কারণ স্কিল এমনই এক জিনিস, যা শিখে রাখলে কখনোই লস হবে না। আজ হোক, কাল হোক, স্কিল আপনার কাজে আসবেই।
তারেক/