বর্তমান চাকরির বাজারে সবচেয়ে বেশি প্রতিযোগিতার মুখে থাকা পেশাগুলোর একটি হলো সেলস। কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রির দায়িত্বে থাকলে প্রতিদিনই নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। তাই এই পেশায় সফলভাবে ক্যারিয়ার গড়ে তুলতে হলে দক্ষতা উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে নিয়মিত পরিশ্রম ও শেখার মানসিকতার কোনো বিকল্প নেই। সঠিক কিছু কৌশল অনুসরণ করলে খুব সহজেই সেলস পেশায় নিজেকে আরও দক্ষ করে তোলা সম্ভব।
প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে জ্ঞান রাখুন
কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে যেকোনো প্রশ্ন করতে পারে। তাই আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করছেন, তার খুঁটিনাটি জেনে নিন। এর মাধ্যমে আপনি কাস্টমারের প্রোডাক্ট বা সার্ভিস সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবেন। অন্যান্য প্রতিষ্ঠানের একই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে খোঁজ রাখুন। সেগুলোর ভালো-মন্দ জানা থাকলে কাস্টমারের সঙ্গে কথা বলতে সুবিধা হবে।
কাস্টমারের প্রয়োজন বুঝুন
একজন কাস্টমার যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিনতে চান, তার উদ্দেশ্য হলো কোনো একটি সমস্যার সমাধান পাওয়া। তাই আপনার কাস্টমারের প্রয়োজন। তার প্রয়োজনকে গুরুত্ব দিন। কাস্টমারের প্রয়োজন ভালোভাবে বুঝতে পারলে নিজের প্রোডাক্ট বা সার্ভিসের উপকারিতা তুলে ধরা সহজ হবে।
যোগাযোগের দক্ষতা বাড়ান
কাস্টমারের কাছেই আপনাকে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে হবে এবং সেটা করতে হবে যোগাযোগের মাধ্যমেই। এই যোগাযোগ ফোন কলের মাধ্যমে হতে পারে। হতে পারে ই-মেইল দিয়েও। যেভাবেই কাস্টমারের সঙ্গে যোগাযোগ হোক না কেন, আকর্ষণীয়ভাবে আপনার বক্তব্য উপস্থাপন করা জরুরি। তাই যোগাযোগের দক্ষতা অর্জন করুন।
কাস্টমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন
একজন সেলসম্যানের প্রধান লক্ষ্য হচ্ছে প্রতিষ্ঠানের পণ্য বা সেবার প্রতি কাস্টমারকে আগ্রহী করে তোলা। এর জন্য কাস্টমারের সঙ্গে আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। একজন কাস্টমার যদি আপনাকে বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য মনে করেন, তাহলে আপনার জন্য সেলস অনেকাংশে সহজ হয়ে আসবে। তাই –
-কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করুন।
-কাস্টমারের কথা মনোযোগ দিয়ে শুনুন।
-পুরোনো কাস্টমার হয়ে থাকলে আগের প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে তার মতামত জেনে নিন।
-কোনো ধরনের প্রোডাক্ট বা সার্ভিস পেলে কাস্টমার সবচেয়ে খুশি হবেন, সে সম্পর্কে প্রশ্ন করুন।
-ধৈর্য সহকারে কাস্টমারের প্রশ্নের উত্তর দিন।
-কোনো ডিসকাউন্টের ব্যবস্থা করতে পারলে কাস্টমারকে জানান।
মনে রাখবেন, সেলসের কেন্দ্রবিন্দু হলেন আপনার কাস্টমার। তিনি যে আপনার কাছে গুরুত্বপূর্ণ, তা মার্জিত আচরণ দিয়ে প্রকাশ করুন।
নতুন পদ্ধতি চেষ্টা করুন
একেক কাস্টমারের মন-মানসিকতা একেক রকম। তাই পণ্য বিক্রির ক্ষেত্রে একই পদ্ধতি সব সময় কাজ করে না। চ্যালেঞ্জিং এ পেশায় সাফল্য পেতে মাথা খাটিয়ে নতুন পদ্ধতি প্রয়োগ করুন। এগুলো কতটুকু কাজ করছে, সে ব্যাপারে নজর দিন। তাহলে পরিস্থিতি অনুযায়ী সবচেয়ে ভালো পদ্ধতি ব্যবহার করতে পারবেন।
আত্মবিশ্বাস
সেলসের দক্ষতা বাড়ানোর জন্য আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে- আত্মবিশ্বাস। হুট করে এটি অর্জন করা যায় না। বরং নিয়মিত নিজের স্কিল বাড়ানোর মাধ্যমে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন। তাই নিয়মিত চেষ্টা চালিয়ে যান।
তারেক/