হালের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী লুইপা। তার নিজের বেশ কিছু জনপ্রিয় মৌলিক গান রয়েছে। আবার পুরোনো বাংলা গানেও অনবদ্য তিনি। দেশের অনেক জনপ্রিয় গান লুইপার কণ্ঠে শুনেও শ্রোতারা মুগ্ধ হয়েছেন। নানান বিষয় নিয়ে কথা হলো তার সঙ্গে-
বর্তমানে সময়টা কাটছে কীভাবে?
এরই মধ্যে আমি কয়েকটি টিভি শোতে অংশ নিয়েছি। এনটিভি, বাংলাভিশনে সরাসরি গান পরিবেশন করে দর্শকের কাছ থেকে বেশ সাড়া পেয়েছি। আবার কয়েক দিন আগে আমি আমার নিজের ফেসবুক পেজ ‘লুইপা’ থেকেও লাইভে এসেছিলাম। তখনো শ্রোতাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি।
নতুন কোনো গান নিয়ে পরিকল্পনা আছে কী?
পরিকল্পনা তো আছেই। তবে এখনই এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। আরও একটু সবকিছু গুছিয়ে নেই। তখন জানাব।
আরও পড়ুন: লুইপার নতুন গান
আপনার সংগীতজীবনের এক অনন্য অর্জন রুনা লায়লার সুরে গান গাওয়া। এই বিষয়টা আপনি কীভাবে দেখেন?
এটা আমার সংগীতজীবনের জন্য অনেক বড় আশীবার্দ। আমার পরম সৌভাগ্য যে আমি শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের সুরে গান গাইতে পেরেছি। ধ্রুব মিউজিক স্টেশন থেকে গানটি কয়েক বছর আগে ম্যাডামের জন্মদিনে প্রকাশিত হয়। গানটি লিখেছেন প্রয়াত বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। সংগীতায়োজন করেছিলেন রাজা ক্যাশেফ। গানটির শিরোনাম ‘এই দেখা শেষ দেখা’।
কিছুদিন আগে রুনা লায়লারই ‘যখন থামবে কোলাহল’ গানটি কাভার করেছিলেন…
এটা আসলে তার জন্মদিনের আমার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ছিল। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পেয়েছিলাম। সত্যি বলতে কী, এমন জনপ্রিয় গান কাভার করতে গেলেও একটু সাহস প্রয়োজন। কারণ এসব গান তো শ্রোতা-দর্শকের মনে-মগজে গেঁথে আছে। ভুল করা যাবে না।
‘জেন্টলম্যান’, ‘রঙ্গিলা হাওয়া’ আপনার কণ্ঠে জনপ্রিয় দুটি মৌলিক গান। এখনো কেমন সাড়া পান?
দুটি গানের জন্য ভীষণ সাড়া পাই। বিশেষত স্টেজ শোতে এই দুটি গান আমাকে গাইতেই হয়। ‘জেন্টলম্যান’ গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। সুর-সংগীত করেছেন আকাশ সেন। এতে আমার সঙ্গে মডেল হিসেবে ছিলেন সিয়াম আহমেদ। আর ‘রঙ্গিলা হাওয়া’ গানটি লিখেছেন এ মিজান। সুর-সংগীত করেছেন শওকত আলী ইমন। ‘জেন্টলম্যান’ এখন পর্যন্ত এক কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। আর ‘রঙ্গিলা হাওয়া’ গানটি আমার নিজস্ব চ্যানেল ‘লুইপা অফিসিয়াল’-এ প্রকাশিত হয়েছিল। ১৫ লাখেরও বেশি ভিউয়ার্স গানটি উপভোগ করেছেন।
জাহ্নবী