সালমান শাহ বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। মৃত্যুর দুই দশকের বেশি সময় পরও তার জনপ্রিয়তা ভাটা পড়েনি একচুল। জন্মদিন বা মৃত্যুদিবস এলেই তার জনপ্রিয়তার উত্তাপ টের পাওয়া যায়।
তবে সালমানের সঙ্গে তার স্ত্রী সামিরার সম্পর্ক নিয়ে আজও রহস্য রয়ে গেছে চলচ্চিত্রপাড়ায়। সম্প্রতি গণমাধ্যমে সালমানকে নিয়ে মুখ খুলেছেন খোদ সামিরা নিজেই। এরপর শুরু হয়েছে নানামুখী আলোচনা ও সমালোচনা।
ইমন থেকে পর্দার সালমান হওয়ার মতোই বাস্তব জীবনেও দারুণ রোমান্টিক ছিলেন এই প্রয়াত নায়ক। সামিরার সঙ্গে তার সেই প্রেম সিনেমার পর্দায় বারবার তুলে আনার দাবি উঠেছে সালমান ভক্তদের মাঝে। অনেক ভক্ত আবার সালমানের মৃত্যুর জন্য সামিরাকে দায়ী করেন এখনো।
সালমান ও সামিরার প্রেমকাহিনি সিনেমায় তুলে ধরার জন্যই বরেণ্য নির্মাতা ছটকু আহমেদ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সিনেমার নাম ঠিক করেছিলেন ‘স্বপ্নের রাজকুমার’।
তবে ছটকু আহমেদ জানান, এই ছবিটি আর নির্মিত হচ্ছে না। কারণ সালমান শাহের মা নীলা চৌধুরীর আপত্তির কারণেই সিনেমাটি নির্মাণ করবেন না তিনি।
ছটকু আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘সিনেমাটি আমি তৈরি করছি জানতে পেরে নীলা চৌধুরী লন্ডন থেকে ফোন করেন আমাকে। তিনি সিনেমাটি বানানো যাবে না বলে জানান। কারণ এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া আছে তাদের। তারপর সিনেমাটির কাজ স্থগিত করেছি। গল্পটি সামিরার। আপত্তি করলে সে করতে পারত। নীলা চৌধুরী কেন আপত্তি করলেন আমার বোধগম্য নয়। তবে তিনি সালমানের মা, তার সঙ্গে এসব নিয়ে কোনো বিতর্কে যেতে চাই না।’
কলি