ফারহান আহমেদ জোভান ও মেহজাবীন চৌধুরীকে নিয়ে প্রবীর রায় চৌধুরী নির্মাণ করেছিলেন নাটক ‘বেস্ট ফ্রেন্ড’। ২০১৮ সালে নির্মিত সেই নাটকটি জনপ্রিয়তা পেয়েছিল। এরপর আরও দুটি নাটক বানান একই নামে। তবে মাঝে লম্বা সময় এই নাম নিয়ে সামনে আসতে দেখা যায়নি তাদের। এর মধ্যে মেহজাবীন চৌধুরীও সিনেমা নিয়ে ব্যস্ত হলেন।
এবার লম্বা বিরতির পর আবারও জোভান ও মেহজাবীনকে নিয়ে নাটক নির্মাণ করতে যাচ্ছেন প্রবীর রায় চৌধুরী। গত ৭ নভেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি এমনই এক ঘোষণা দিয়েছে।
জোভান বলেন, ‘অনেক দিন পর এই ট্রায়ো কাজ করবে। ঘোষণার পর থেকে প্রচুর সাড়া পাচ্ছি। আমাদের কাছে দর্শকদের প্রত্যাশা আরও বেড়ে গেছে।’
এদিকে মেহজাবীন এই ট্রায়ো প্রজেক্ট প্রসঙ্গে বলেন, ‘‘বেস্ট ফ্রেন্ড’ ২০১৮ সালে শুট করা হয়েছিল। এটি ছিল পরিচালক প্রবীর রায় চৌধুরীর সঙ্গে আমার প্রথম কাজ। এই নাটকটি জনপ্রিয়তা পেয়েছিল। পরে এটি ‘বেস্ট ফ্রেন্ড’ সিরিজে পরিণত হয়েছিল। তাই এটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল।’’
মেহজাবীন আরও বলেন, ‘অনেক দিন ধরে প্রবীর রায় চৌধুরী বলছিলেন যে, আমাদের সেই ত্রয়ী মিলে আবার কিছু করা উচিত। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০২৫ সালের ভালোবাসা দিবসে আবারও একসঙ্গে কাজ করার। আমি আশা করি ২০১৮ এবং পরবর্তী সিরিজের সময় যে ভালোবাসা আমরা পেয়েছিলাম, এবারও সমান ভালোবাসা পাব।’
নির্মাতা প্রবীর রায় চৌধুরী জানান, এবারের গল্পটি আর ১, ২ বা ৩ নম্বর পরিচয়ে থাকছে না। এবারের গল্পটির নাম ‘বেস্ট ফ্রেন্ড ২.০’। নাটকটির শুটিং হবে দুই ভাগে। প্রথম অংশ ডিসেম্বরে, পরের অংশ জানুয়ারি।
হাসান