একজন উপস্থাপিকা হিসেবে নীল হুরেজাহানের ব্যস্ততা থাকে বছরজুড়ে। তবে মাঝে মাঝে জনপ্রিয় এই উপস্থাপিকাকে অভিনয়েও দেখা যায়। অবশ্য অভিনয়ে যার শুরুটা আফজাল হোসেন ও সুবর্ণা মোস্তফার মতো গুণী দুই শিল্পীর সঙ্গে। তার সে ক্ষেত্রে অভিনয়ের দুনিয়ায় পথচলার প্ল্যাটফরমটা বেশ শক্তই বলা চলে। মাঝে মাঝে অভিনয়ের দুনিয়ায় এসে নিজের অভিনয় দিয়ে আলো ছড়িয়ে যান নীল হুরেজাহান।
কিছুদিন আগেই যেমন বিঞ্জ-এ প্রকাশ পেল তার অভিনীত ওয়েব ফিল্ম রিয়াদ মাহমুদ পরিচালিত ‘সেকশন ৩০২’। একজন রহস্যময়ী নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রচারে আসার পর থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছেন তিনি এই রহস্যময়ী নারী চরিত্রে অভিনয়ের জন্য। তবে এর আগে দীপ্ত প্লেতে প্রকাশিত ওয়েব ফিল্ম ফরহাদ আহমেদ পরিচালিত ‘ক্রিমিনালস’-এ অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছিলেন নীল হুরেজাহান।
এই দুটি ওয়েব ফিল্মের পর অভিনয় নিয়ে একটু সিরিয়াসলি ভাবছেন তিনি। নীল হুরেজাহান বলেন, ‘গল্প এবং চরিত্র ভালো হওয়ার পাশাপাশি পুরো টিমওয়ার্কও যদি ভালো হয়, তাহলে অভিনয়ে নিয়মিত থাকার ইচ্ছা আছে। যে কারণে সামনে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে কিছু ভালো প্রজেক্টে কাজ করার পরিকল্পনা চলছে। তবে একজন উপস্থাপিকা হিসেবেই নিজের মধ্যে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস খুঁজে পাই আমি। যখন আমার হাতে মাইক্রোফোন থাকে তখন নিজেকে বেশ প্রাণবন্ত মনে হয়। মনে হয় এই কাজটাই আমি সবচেয়ে বেশি ভালো করতে পারি। বিভিন্ন ধরনের স্টেজ শো (কর্পোরেট, গভর্ম্যান্ট) করতে হয় আমাকে। যখন আমার ওপর পুরো অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তখন সফলভাবে তা সম্পন্ন করার পর নিজের মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি কাজ করে। তবে আমার মনে হয় উপস্থাপনা বেশি করি বলেই অভিনয়ের প্রস্তাবটা কম আসে। কিন্তু আমি অভিনয়টা নিয়মিত করতে চাই, ভালো গল্প ও ভালো চরিত্র হওয়ার শর্তে।’
নীল হুরেজাহান বর্তমানে নিউজ টোয়েন্টি ফোরের ‘ইটস অ্যামাজিং’, একুশে টিভির ‘রূপলাবণ্য’ ও নাগরিক টিভিতে একটি স্পোর্ট শোর উপস্থাপনা করছেন। এ ছাড়া নিয়মিত স্টেজ শো রয়েছেই। শিরোনামহীনের ‘অবেলায় ২’র মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। শিগগিরই গানটি প্রকাশ পাবে। এ ছাড়াও দেশসেরা চেক-ইনফ্লুয়েন্সারদের নিয়ে নীলের উপস্থাপনায় ছয় পর্বের ‘টেক শো’ প্রচারে আসবে ১০০০ফিক্স-এর পেজ থেকে।
/আবরার জাহিন