ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। তার ক্যারিয়ারে বইছে সুবাতাস। কারণ একের পর এক কাজের খবর দিচ্ছেন তিনি। একদিকে নতুন সিনেমা মুক্তির খবর, অন্যদিকে নতুন সিনেমার কাজ। সব মিলিয়ে সময়টা এখন বুবলীর পক্ষেই কথা বলছে। আসন্ন ঈদুল ফিতরে শবনম বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। এম রাহিম পরিচালিত এই সিনেমায় বুবলীর নায়ক সিয়াম আহমেদ। ইতোমধ্যেই সিনেমাটি ঈদের মুক্তির কথা নিশ্চিত করেছেন প্রযোজক, পরিচালক ও ছবিসংশ্লিষ্টরা। এই ধারাবাহিকতায় প্রকাশিত হয়েছে এর পোস্টার। সিনেমার প্রথম গান প্রকাশিত হবে আগামী ভালোবাসা দিবসে। খ্যাতিমান গীতিকার সুরকার প্রিন্স মাহমুদের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত তারকা তাহসান খান এবং আতিয়া আনিসা।
এবার আরও একটি সুখবর দিলেন বুবলী। একই ঈদে এই অভিনেত্রীর আরও একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমার নাম ‘পিনিক’। সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ জুয়েল। ছবিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী, নবাগত কেয়া আল জান্নাহ প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ইউরো বাংলা। পরিবেশনা করছে এআর মুভি নেটওয়ার্ক। সহ-প্রযোজনার দায়িত্বে আছে অথবা এন্টারটেইনমেন্ট।
গত বছরের নভেম্বরে কক্সবাজারে শুটিং শুরু হয় ছবিটির। শুটিংয়ের মাঝপথে ছবির নায়ক আদর আজাদের ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়। হাতে রাখা হয় বুবলীকে। এবার এল বুবলীর ফার্স্ট লুক। যেখানে দেখা গেছে, স্কার্ফে আবৃত নায়িকার মাথা। চোখে রোদচশমা। বুবলীর মুখমণ্ডল খাঁচায় বন্দি। তার কাঁধ থেকে নিচের অংশ কালো পোশকে আবৃত।
এ সম্পর্কে বুবলী বলেন, ‘আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম এমন চরিত্রে অভিনয় করতে যা দেখে দর্শকরা চমকে উঠবেন, পিনিকে আমার চরিত্র তেমনই। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’
নির্মাতা জাহিদ জুয়েল বলেন, ‘ছবিটি দর্শকদের একটা ঘোরের জগতে নিয়ে যাবে। ছবিটি চেষ্টা করেছি মনের মতো করে নির্মাণ করতে। কক্সবাজারে শুট হওয়া এই ছবিতে এমন দৃশ্য আছে, যা দর্শকরা আগে কখনো দেখেননি। আমার বিশ্বাস দর্শকরা মুগ্ধ হবেন।’
ছবিটি চিত্রনাট্য করেছেন আঁখিউজ্জামান মেনন। ছবিতে শবনম বুবলীকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। ছবির প্রযোজক বলেন, ‘এমন বুবলীকে এর আগে কেউ দেখেননি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় তাকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সব কটিই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প।’
হাসান


.jpg)