মাছরাঙা টেলিভিশনে আজ শুক্রবার ৭ মার্চ থেকে শুরু হচ্ছে রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’ সিজন ৮। প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। সারাদেশ থেকে রান্নার প্রতিভা খুঁজে আনতে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে ‘রাঁধুনী’।
‘সবার মধ্যে ছড়িয়ে দিন আপনার রান্নার স্বাদ’- এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে এবারের আসর। গত সিজনগুলোর ধারাবাহিকতায় এবারের আয়োজনেও থাকছে নতুনত্ব এবং উপভোগ্য প্রতিদ্বন্দ্বিতার আভাস। থাকছে যথারীতি অভিনব সব পর্ব, রান্নার জমজমাট লড়াই, কঠিন বিচারকাজ, সঙ্গে মনোরম দৃশ্যায়ন।
‘সেরা রাঁধুনী’ বাছাইয়ের জন্য বাংলাদেশের সব বিভাগ মিলে মোট ১১টি অডিশন অনুষ্ঠিত হয়েছে। এর পর ঢাকায় অনুষ্ঠিত গ্র্যান্ড অডিশনের মাধ্যমে স্টুডিও রাউন্ডের জন্য নির্বাচিত প্রতিযোগীদের বেছে নেওয়া হয়। স্টুডিও রাউন্ডে প্রতিযোগিতার বিভিন্ন ধাপে প্রতিযোগীদের ভিন্ন ভিন্ন ঘরানার রান্নায় পারদর্শিতা যাচাইয়ের পাশাপাশি রান্না পরিবেশনা, নিজেকে উপস্থাপন, বাচনভঙ্গি, ব্যক্তিত্ব, বিক্রয় দক্ষতা, নেতৃত্বগুণ, খাবারের ব্যবসা চালানোর ক্ষমতা, বিভিন্ন পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে তাৎক্ষণিক বুদ্ধি ও দক্ষতা প্রয়োগের ক্ষমতার ওপর ভিত্তি করে নির্বাচিত হবেন ‘সেরা রাঁধুনী সিজন ৮’।
পুরস্কার হিসেবে তিনি জিতে নেবেন ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ এবং ৫ লাখ টাকা। অডিশন রাউন্ডে বিচারক ছিলেন নাঈম আশরাফ, রাহিমা সুলতানা রীতা এবং বিগত সিজনগুলোর সেরা রাঁধুনীরা। স্টুডিও রাউন্ডে বিচারক হিসেবে থাকবেন নাঈম আশরাফ, রাহিমা সুলতানা রীতা এবং চিত্রনায়িকা পূর্ণিমা। মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।
/শাকিল


.jpg)