একের পর এক সব ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বলিউড ও দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। ইতোমধ্যে ‘অ্যানিমেল’, ‘পুষ্পা ২’ এবং ‘ছাভা’-এর মত ব্যবসাসফল ছবিতে কাজ করে সাফল্যের শিখরে আছেন তিনি। এমনকি ভারতের জাতীয় ক্রাশ হিসেবেও এ অভিনেত্রীর প্রশংসা করা হয়। অথচ তাকেই কিনা ক্যারিয়ারে শুরুর দিকে কেবল চেহারার জন্য কাজ থেকে প্রত্যাখ্যাত হতে হয়েছে।
সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে উপস্থিত হয়ে এ তারকা ক্যারিয়ারে শুরুর দিকে করা সংগ্রাম নিয়ে কথা বলেছেন। কিভাবে নিজের চেহারার কারণে কাজ থেকে ক্রমাগত প্রত্যাখ্যাত হতে হয়েছে সেসব নিয়ে মুখ খুলেছেন তিনি। এমনকি শুরুর দিকে ২০-২৫ টি অডিশন দিয়েও বেশির ভাগ জায়গা থেকে বাদ পড়তে হয়েছে তাকে। এতকিছুর পরও বর্তমান সময়ের সবচেয়ে সফল অভিনেত্রী রাশমিকা।
তিনি বলেছিলেন, ‘প্রতিবার প্রত্যাখ্যানের পরে আমি বাড়ি ফিরে কাঁদতাম। এমনকি একটি ছবির জন্য দুই মাস প্রশিক্ষণ নেয়ার পরও প্রকল্পটি পরবর্তীতে স্থগিত করা হয়েছিল।’
তখনকার পরিস্থিতি কেমন ছিল সে সম্পর্কে রাশমিকা জানান, তার বাবা-মা তখন তাকে বাড়ি ফিরে পড়াশোনায় মন দেয়ার জন্য প্রস্তুতি নিতে বলে দিয়েছিলেন। কিন্তু তারপরই প্রথমবারের মত কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’-তে কাজের প্রস্তাব পান রাশমিকা। আর এই ছবি দিয়েই ক্যারিয়ারের মোড় ঘুরে যায় তার। কন্নড় ভাষায় রোমান্টিক-কমেডি ঘরানার এ ছবিটি ২০১৬ সালে মুক্তি পেয়েছিল।
ছবিটিতে কাজ করা প্রসঙ্গে রাশমিকা বলেছিলেন, ‘আমি যখন কিরিক পার্টিতে কাজের সুযোগ পাই তখন বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল, জীবনে দ্বিতীয়বারের মত একটি সুযোগ পেলাম।’ উল্লেখ্য, এ অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দু’টি সিনেমা ‘পুষ্পা ২’ এবং ‘ছাভা’ বক্স অফিসে ব্যাপক সফলতার মুখ দেখেছিল। এর মধ্যে ‘পুষ্পা ২’ তো ভারতীয় সিনেমার ইতিহাসেই সবচেয়ে বড় ব্লকবাস্টারে পরিণত হয়েছে। আর সবশেষ মুক্তি পাওয়া ‘ছাভা’ ছবিটি এখন পর্যন্ত ৪৭১.৫৬ কোটি টাকা আয় করেছে।
অভিনেত্রীকে ভবিষ্যতে ধানুশের বিপরীতে তেলেগু ছবি ‘কুবেরা’-তে অভিনয় করতে দেখা যাবে। এ. আর. মুরুগাদোস পরিচালিত বলিউডের ‘সিকান্দার’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। সেখানে বলিউড ভাইজান সালমান খানের সহ-অভিনেত্রী হিসেবে কাজ করেছেন শ্রীভাল্লি’খ্যাত এ তারকা।
/শাকিল