বশির আহমেদের যোগ্য সন্তান রাজা বশির এবার ‘নেটফ্লিক্স’-এর সিনেমা ‘সান, সার্ফ অ্যান্ড স্যান্ড’-এর সংগীত পরিচালনার কাজ করছেন। রাজা জানান এটা প্রায় দুই বছর মেয়াদি একটি কাজ। ইতোমধ্যে তিনি এই সিনেমার সংগীত পরিচালনার কাজ শুরু করে দিয়েছেন। তবে রাজা আরও অনেক বেশি উচ্ছ্বসিত ও আনন্দিত অস্ট্রেলিয়ার ‘টেফ কুইন্সল্যান্ড’ ইউনিভার্সিটির ‘থিম সং’-এর কাজ নিয়ে।
একজন বাংলাদেশি হিসেবে সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ের থিম সং-এর কাজ পাওয়া ভীষণ গর্বের বিষয়ই মনে করেন তিনি। ‘টেফ কুইন্সল্যান্ড’ ইউনিভার্সিটি মূলত একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার। সেখান থেকে রাজা বশির কিছুদিন আগে সাউ- প্রোডাকশনের ওপর ডিপ্লোমা সম্পন্ন করেছেন।
নেটফ্লিক্সের সিনেমার সংগীত পরিচালনা ও ‘টেফ কুইন্সল্যান্ড’ ইউনিভার্সিটির থিম সং করা প্রসঙ্গে রাজা বশির বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমার বড় বোন হোমায়রা আপার অনুপ্রেরণায় এবং আমার টেফ কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির সবার ভালোবাসায় আমি বেশ ভালোভাবে ডিপ্লোমা সম্পন্ন করেছি। ডিপ্লোমা শেষ করার পরই আমাকে এই ইউনিভার্সিটির থিম করার দায়িত্ব দেওয়া হয়। যা আমারই লেখা ও সুর করা। ইউনিভার্সিটির ডিরেক্টর রিচার্ড বার্নেট আমার করা থিম সংটি ভীষণ পছন্দ করেছেন এবং আমাকেই এই থিম সং-এর ভিডিও করারও দায়িত্ব দেওয়া হয়েছে। আর টেফেতে কোর্স করা অবস্থাতেই নেটফ্লিক্সের সিনেমাটিতে আমার অভিনয় করার সুযোগ আসে। একটা সময় সিনেমাটির ডিরেক্টর পিটার এবং নিজেল আমাকে সিনেমাটির সম্পূর্ণ সংগীত পরিচালনার দায়িত্ব দেন।
এই সিনেমাতে একটাই বাংলা গান থাকছে যে গানটি হোমায়রা আপাই গাইবেন, শিগগিরই। দুটি বিষয়ই আমার কাছে এই মুহূর্তে ভীষণ উচ্ছ্বাসের, ভীষণ ভালো লাগার। আমি দেশবাসীর কাছে দোয়া চাই যেন দেশের বাইরে আরও ভালো কাজ করার সুযোগ পাই। তবে এটা সত্যি এই মুহূর্তে আমার বাবা-মা বেঁচে থাকলে ভীষণ খুশি হতেন। ’
এদিকে শিগগিরই আবারও শুরু হতে যাচ্ছে রাজা বশিরের মিউজিক ও ভিডিও ডিরেকশনে ‘মেলোডি জংশন সিজন টু’-এর প্রচার। এর সার্বিক পরিচালনায় আছেন হোমায়রা বশির।
/শাকিল