ঢালিউড স্টার শাকিব খানের জন্মদিন আগামী ২৮ মার্চ। এই নায়কের জন্মদিন ঘিরে প্রতি বছরই তার ভক্তদের মধ্যে উন্মাদনা কাজ করে। এবারও তার ব্যতিক্রম নয়। ভক্তদের জন্য শাকিব খানের পক্ষ থেকে আগামী ২৮ তারিখ ‘তাণ্ডব’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হবে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র থেকে এমনটাই জানানো হয়েছে।
আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিবের বহুল আলোচিত সিনেমা ‘বরবাদ’। এর ট্রেইলারে শাকিবের লুক দেখে ভক্তদের মধ্যে ছবিটি নিয়ে তুমুল আগ্রহের তৈরি হয়েছে। এর মাঝেই শাকিব খান-রায়হান রাফি জুটির দ্বিতীয় ছবির ফার্স্ট লুক নিয়ে সুখবর প্রকাশ করা হলো।
কয়েক বছর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজিত সিনেমায় কাজ করা নতুন এক শাকিবকে দেখতে পেয়েছিল বাংলাদেশের দর্শকরা। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার মধ্য দিয়ে যেন নিজেকেই ছাড়িয়ে গেছেন শাকিব। আর গত বছর ঈদের পর রায়হান রাফির সঙ্গে প্রথমবারের মতো ‘তুফান’ সিনেমায় অভিনয় করে অনেক রেকর্ড ভেঙে দিয়েছেন এ অভিনেতা।
‘তুফান’ শেষে এবার শাকিব-রাফি জুটির দ্বিতীয় ছবি ‘তাণ্ডব’ মুক্তির অপেক্ষায়। যদিও গত বছর রাফি ঘোষণা দিয়েছিলেন, শিগগিরই ‘তুফান ২’ নিয়ে পর্দায় ফিরবেন তিনি। কিন্তু আপাতত সেটি সম্ভব হচ্ছে না। তবে ‘তুফান ২’ না আসলেও ‘তাণ্ডব’ নিয়ে হাজির হচ্ছেন তারা। অ্যাকশনধর্মী এই সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই-এসভিএফ বাংলাদেশ। আগামী ২৪ মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
তবে ছবিতে নায়িকা হিসেবে কে থাকছেন সেটা এখনো খোলাসা করেননি পরিচালক রাফি। একটি সূত্র থেকে জানা গেছে, একজন বাংলাদেশি নায়িকাসহ শাকিবের বিপরীতে জয়া আহসানকে দেখা যেতে পারে। ছবিটি আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।