দক্ষিণী তারকা আল্লু অর্জুন ‘পুষ্পা’ সিনেমার মাধ্যমে গোটা ভারতে সাড়া ফেলে দিয়েছেন। এই ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ কিস্তি ‘পুষ্পা ২’-এর সাফল্যের পর আল্লু এবার জনপ্রিয় পরিচালক অ্যাটলির সঙ্গে একটি মেগা বাজেটের ছবিতে কাজ করতে প্রস্তুত। ‘প্যারালাল ইউনিভার্স’-এর ব্যানারে ছবিটি ইতোমধ্যে ইন্ডাস্ট্রি জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।
বর্তমানে এই সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং নির্মাতা দর্শকদের একটি অত্যাশ্চর্যক সিনেমাটিক অভিজ্ঞতা দিতে ইচ্ছুক। ছবিটির গল্প, অভিনেতা-অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত জানতে ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দর্শকদের তাই বিস্তারিত জানাতে দুই মাস পর বিশাল এক লঞ্চিং ইভেন্টের আয়োজন করা হবে। সেখানে সিনেমাপ্রেমীদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে কলাকুশলীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হবে। বাণিজ্যিক ছবিতে আল্লু ও অ্যাটলির প্যান ইন্ডিয়ান সফলতাও ছবিটি নিয়ে প্রত্যাশা আরও বাড়িয়ে তুলেছে।
পিংকভিলার প্রতিবেদন অনুসারে, এই ছবিতে চুক্তির মধ্য দিয়ে আল্লু অর্জুন ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতায় পরিণত হয়েছেন। সিনেমাটির নাম আপাতত ‘এ সিক্স’ রাখা হয়েছে বলে জানা গেছে। আল্লু এ সিনেমাটির জন্য এমন এক চুক্তি স্বাক্ষর করেছেন, যা তাকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতায় পরিণত করেছে।
প্যারালাল ইউনিভার্সের সঙ্গে এই ছবিটির জন্য আল্লু ১৭৫ কোটি রুপির চুক্তি করেছেন বলে জানা গেছে। এ ছাড়া ছবির লাভের ১৫ শতাংশ অংশীদারত্বও নিশ্চিত করেছেন তিনি।
ধারণা করা হচ্ছে, চলতি বছরের আগস্ট-অক্টোবরের মধ্যে সিনেমার শুটিং শুরু হবে। অভিনেতাও ছবিটিতে নিরবচ্ছিন্ন শুটিং চালিয়ে যেতে চান। অ্যাটলি-আল্লু জুটির এ সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রে একটি গেম-চেঞ্জার হিসেবে ইতিহাস তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।
/শাকিল