মার্কিন অভিনেত্রী ও গায়িকা সেলেনা গোমেজ। কিছুদিন আগেও নিজের শারীরিক ওজনের কারণে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছিলেন। এবার এ তারকা সোশ্যাল মিডিয়ায় নারীদের ঘৃণামূলক মন্তব্য মোকাবিলা করা প্রসঙ্গে মুখ খুললেন। সম্প্রতি ‘অন পারপাস উইথ জে শেট্টি পডকাস্ট’-এ অংশ নিয়ে সেলেনা এবং তার সঙ্গী বেনি ব্লাঙ্কো সোশ্যাল মিডিয়ায় করা ঘৃণামূলক মন্তব্য নিয়ে আলোচনা করেছেন।
ভ্যারাইটি ডটকমের প্রতিবেদন অনুসারে, ব্লাঙ্কো বলেছেন, তিনি তার সম্পর্কে মানুষ কী ভাবছে তা বুঝতে পারেন না। তবে এখানেই গোমেজ ভিন্ন মত পোষণ করেন। এই মার্কিন তারকা জানান, এ ক্ষেত্রে মেয়েদের অবস্থা ভিন্ন রকম।
গোমেজ বলেন, ‘আমি এটা উল্লেখ করতে চাই যে, মহিলাদের অবস্থা বেশ শোচনীয়। আমার দৃষ্টিকোণ থেকে, এটি বর্বর এবং বিষয়টি কারও কাছেই খবর হিসেবে গণ্য হয় না। স্পষ্টতই নারীরা তাদের চেহারা থেকে শুরু করে তারা কি পরছেন- সবকিছু নিয়ে অনেক বেশি সচেতন থাকেন।’
এমনকি সোশ্যাল মিডিয়ায় মানুষ তাকে কীভাবে বিচার করছে, এসব বিষয়ও কোনো অনুষ্ঠানের জন্য তার প্রস্তুতিতে প্রভাব ফেলে বলে জানান।
এই মার্কিন গায়িকা ও অভিনেত্রী আরও বলেন, ‘আমি জীবনে এত অদ্ভুত সব জিনিসের শিকার হয়েছি যে কী বলব! যদিও এসব আমার জীবনে কোনো পরিবর্তন আনেনি, তবে এটা মোকাবিলা করাটা অনেক কঠিন ছিল। অবশ্য পুরুষদের মধ্যে কেউই এসব বিষয় নিয়ে মাথা ঘামায় না বললেই চলে।’
এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় শারীরিক ওজন নিয়ে নেটিজেনদের ঘৃণামূলক মন্তব্যের শিকার হওয়া সম্পর্কেও কথা বলেন সেলেনা। তিনি বলেন, ‘আমার ওজন নিয়ে অনেকেই কথা বলেছেন, এটা আমাকে দুঃখ দিয়েছে। যদিও আমাকে লক্ষ্য করে বলার কারণে কষ্ট পেয়েছি বিষয়টি এমন না, তবে এটি আমার জন্য তিক্ত এক অভিজ্ঞতা।
/শাকিল