পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। শারীরিকভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় গুণী এ নির্মাতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে আছেন।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১২টার সময় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখেন।
সৃজিতের বিপদ আপাতত কেটে গেছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। এখন তার শারীরিক অবস্থাও স্থিতিশীল। তব তার আসলে কি হয়েছে সেটা এখনও স্পষ্ট করে বলা হয়নি। তার শারীরিক অবস্থা বোঝার জন্য আজ (শনিবার) বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্ট পেলে হয়তো সবকিছু পরিস্কার হয়ে যাবে। হাসপাতাল থেকে কবে নাগাদ বাড়ি ফিরতে পারবেন সেটাও এখনও স্পষ্ট নয়।
গত বছর মুক্তি পেয়েছিল সৃজিত পরিচালিত ছবি ‘অতি উত্তম’। এই সিনেমার মাধ্যমে মৃত্যুর চার দশক পর বড় পর্দায় মহানায়ক উত্তম কুমারকে ফুটিয়ে তুলেন সৃজিত। সম্প্রতি সিনেমাটি লিমকা বুক অফ রেকর্ডসের তালিকায় স্থান দখল করার কৃতিত্ব অর্জন করে।
/শাকিল