নাট্য সংগঠন বটতলা এবং যাত্রিক-এর যৌথ প্রযোজনায় ‘মার্ক্স ইন সোহো’ আবার মঞ্চে এনেছে। মহান মে দিবস এবং ৫ মে কার্ল মার্ক্স-এর ২০৮তম জয়ন্তী উদযাপনকল্পে তিন দিন নাটকটির তিনটি প্রদর্শনীর আয়োজন করেছে। এই ধারাবাহিকতায় আজ ৩ মে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির শেষ প্রদর্শনী করবে বটতলা এবং যাত্রিক।
প্রখ্যাত আমেরিকান ইতিহাসবিদ ও তাত্ত্বিক হাওয়ার্ড জিন রচিত, জাভেদ হুসেন অনুদিত এবং নায়লা আজাদ নির্দেশিত এই নাটকটি প্রথম মঞ্চে আসে ২০২১ সালের অক্টোবরে।

মৃত্যুর প্রায় ১০০ বছর পরে কার্ল মার্ক্স কি সত্যি সোহোতে বা পৃথিবীতে ফিরেছেন? ফেরার প্রয়োজনীয়তাও কি আছে? এই যে পৃথিবীতে বাস করছি আমরা যেখানে নানা বৈষম্য বিদ্যমান, শ্রমিক তার ন্যায্য মজুরি থেকে বঞ্চিত, তার জীবন যেখানে মূল্যহীন, যেখানে মানুষের মধ্যে অসহিষ্ণুতা এবং ভেতরে ভেতরে চিৎকার- রাষ্ট্রযন্ত্র দ্বারা হঠাৎ হঠাৎ বাইরে বেরিয়ে আসা দু-একটি চিৎকারেরও টুঁটি চেপে ধরা- এমন অস্থির সময়ে মানুষের মুক্তি কোথায়?
গোটা বিশ্ব যেখানে পুঁজিবাদের দাস, সেখানে কার্ল মার্ক্স কি ফিরছেন এসব থেকে উত্তরণের পথ দেখাতে নাকি তার নামে চালু বদনামগুলো পরিষ্কার করতে? এসবই জানা যাবে নাটকের নানা স্তরে, বোঝা যাবে শুধু একজন দার্শনিক নন, এক ব্যক্তি কার্ল মার্ক্সকেও।
নাটকটিতে অভিনয় করেছেন হুমায়ুন আজম রেওয়াজ ও উম্মে হাবিবা। সংগীত, সেট ও দৃশ্য পরিকল্পনায় নায়লা আজাদ। কোরিওগ্রাফি নায়লা আজাদ ও উম্মে হাবিবা। পোশাক পরিকল্পনায় তাহমিনা সুলতানা, সংগীত প্রয়োগে ইভা আফরোজ খান।
/শাকিল