সৌদি আরবে চলছে চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘ভিশন ২০৩০’। এই উৎসবের অংশ হিসেবে আজ সৌদি আরবের স্থানীয় সময় রাত ৯ টায় মঞ্চ মাতাবেন বাংলাদেশের রক তারকা জেমস। আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’-এর তৃতীয় দিনে (আজ) গাইবেন এই সংগীতশিল্পী।
সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জেমস বলেন, ‘‘সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান পরিবেশন করতে যাচ্ছি। এটি আমার জন্য একদিকে যেমন গর্বের তেমনি সম্মানেরও। বাংলা গান ও নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য সব সময়ই বিশেষ কিছু।’’
এ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জেমস ছাড়াও অংশ নিচ্ছেন সংগীতশিল্পী বিউটি খান, শিল্পী আক্তার রিয়া, আকাশ মাহমুদ ও ডিজে সাফা।
এর আগে ইতোমধ্যে উৎসবের প্রথম দিনে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা ও আকাশ মাহমুদ এবং দ্বিতীয় দিনে গেয়েছেন ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন ও আয়শা জেবিন দিপা। আর উৎসবের শেষ দিনে পারফর্ম করবেন মিলা, আরমান আলিফ ও বিউটি খান।
এই অনুষ্ঠানটি সৌদি আরবের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও উৎসবে ভারত, ফিলিপাইন ও সুদান অংশ নিয়েছে যেখানে প্রতিটি দেশ নিজেদের গান, নৃত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সেখানে তুলে ধরছে। জানা গেছে, ৯ মে সৌদিতে আরও একটি কনসার্টে মঞ্চ মাতাবেন এই জেমস।
/শাকিল