দেশের খ্যাতিমান নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। আগামী ১৯ মে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এ আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন এই কণ্ঠশিল্পী। বিষয়টি নিশ্চিত করছে চ্যানেল আই কর্তৃপক্ষ।
এভাবে সম্মানীত হওয়া প্রসঙ্গে স্বভাবতই উচ্ছ্বসিত ফেরদৌস আরা বলেন, ‘এই সম্মাননা আগামী দিনের কাজে প্রেরণা জোগাবে। শুধু সংগীত নিয়ে আমাদের এখানে কোনো আয়োজন হয় না। রবীন্দ্র, নজরুল, শাস্ত্রীয়, আধুনিক, চলচ্চিত্রের গানসহ সংগীতের বিভিন্ন পুরস্কার দেওয়াটা চ্যানেল আই ২০ বছর ধরে রেখেছে।
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সংগীতের নানা শাখার মানুষদের সম্মানিত করার মধ্য দিয়ে সংগীতাঙ্গনের সবাইকে উদ্দীপ্ত ও উজ্জীবিত করে।
যে দেশে সংস্কৃতি ও সংস্কৃতিজনকে প্রতিনিয়ত নানা প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যেতে হয়, সেখানে এই ধরনের সম্মাননা এই অঙ্গন ও অঙ্গনের মানুষদের এগিয়ে যাওয়ার প্রেরণা।’’ এছাড়াও এই সম্মাননা তার কাজের গতি আরও বাড়াবে বলে মনে করেন এই সংগীতশিল্পী।
/শাকিল