জনপ্রিয় হলিউড তারকা জেনিফার লরেন্স ও রবার্ট প্যাটিনসন জুটির নতুন সিনেমা ‘ডাই, মাই লাভ’। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে জাঁকজমকপূর্ণভাবে এই সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়ে গেল। স্কটিশ চলচ্চিত্র নির্মাতা লিন রামসের নতুন এই সিনেমাটি উৎসবে স্ক্রিনিং শেষে দর্শকদের থেকে অভাবনীয় প্রশংসা পেয়েছে।
ছবির প্রিমিয়ারের শেষ মুহূর্তে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে প্রায় ৯ মিনিট ধরে করতালির মাধ্যমে ছবিটিকে অভিবাদন জানান। লরেন্স এবং প্যাটিনসনের অভিনয়ও মুগ্ধ করেছে দর্শকদের।
ডেডলাইনের প্রতিবেদন অনুসারে, ছবির আনুষ্ঠানিক প্রদর্শনী শেষে লা ক্রোয়েসেটের থিয়েটারে দর্শকদের আবেগঘন প্রতিক্রিয়া ছিল দেখার মতো। অনেকেই দাঁড়িয়ে দীর্ঘসময় ধরে করতালি দিয়ে ছবির প্রতি তাদের মুগ্ধতা প্রকাশ করেন, যা কান উৎসবের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, এই পরিচালকের কাজ আগে থেকেই কান উৎসবে বেশ সমাদৃত। তার পূর্ববর্তী ছবি ‘র্যাটক্যাচার’, ‘উই নিড টু টক অ্যাবাউট কেভিন’ এবং ‘মরভার্ন কলার’ সমালোচকদের থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ২০১৭ সালে তার থ্রিলার ‘ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার’ কান উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছিল।
আরিয়ানা হারউইচের ২০১৭ সালের একই নামের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে ‘ডাই, মাই লাভ’ সিনেমাটি নির্মিত হয়েছে। ছবির গল্পে একজন নারী প্রসবপরবর্তী বিষণ্ণতা এবং মানসিক অসুস্থতার সঙ্গে লড়াই করেন। তার ভাঙতে থাকা দাম্পত্য জীবনের জটিলতা এবং আবেগময় সংগ্রাম নিয়ে ছবিটির কাহিনি এগিয়ে গেছে।
সমালোচকদের মতে- সিনেমাটি প্রেম, মানসিক স্বাস্থ্য ও নারীর অভ্যন্তরীণ সংগ্রামকে অনন্যভাবে উপস্থাপন করতে পেরেছে।
/শাকিল