রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার (২০ মে) এই জামিন মঞ্জুর করা হয়।
নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় গত ১৯ জুলাই, ‘বৈষম্যবিরোধী আন্দোলন’ চলাকালে। একই মামলায় আরও ১৭ জন তারকাকে অভিযুক্ত করা হয়, যাদের মধ্যে আছেন অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা এবং জায়েদ খান।
নুসরাতের গ্রেপ্তারের ঘটনায় বিনোদন অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক শিল্পী ও সহকর্মী এই ঘটনাকে ‘ন্যক্কারজনক’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা হয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু এ বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, 'নুসরাত ফারিয়ার গ্রেপ্তার খুবই দুঃখজনক। তিনি অভিনয়ের কারণে গ্রেপ্তার হয়েছেন কি না, সেটা স্পষ্ট নয়। যদি তা হয়ে থাকে, তবে এটি শিল্পীদের জন্য লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক।'
পরিস্থিতি এভাবে চলতে থাকলে নিজেরাও নিরাপদ নন বলেও জানান তিনি।
তবে বর্তমানে এই মামলার তদন্ত চলছে। শিল্পী মহল আশা করছে, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসবে।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন ফারিয়া ও বাবু।
/রিয়াজ