ভারতের আহমেদাবাদে গতকাল বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনগামী একটি বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জন প্রাণ হারিয়েছেন। জানা গেছে, মর্মান্তিক সেই দুর্ঘটনায় বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসির এক পারিবারিক বন্ধুও মারা গেছেন। ভারতের আহমেদাবাদ থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
নিজের প্রিয়জনকে হারানোর বিষয়টি অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন। সেই বিমানের সহকারী পাইলট ক্লিভ কুন্দর বিক্রান্তের পারিবারিক বন্ধু। তার মৃত্যুতে চাচা এবং তার পরিবারকে সমবেদনা জানিয়ে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি।
ক্যাপশনে বিক্রান্ত লিখেছেন, ‘আহমেদাবাদে অকল্পনীয় ট্র্যাজিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে সমবেদনা জানাই। আমার চাচা ক্লিফোর্ড কুন্দর তার ছেলেকে হারিয়েছেন জেনে আরো কষ্ট পেয়েছি। ওই বিমানে প্রথম অফিসার অপারেটিং ছিলেন ক্লিভ। চাচা তোমাকে এবং তোমার পরিবারকে ঈশ্বর শক্তি দিন। যারা স্বজন হারিয়েছেন, তাদেরও শক্তি দিন।’
বিক্রান্তের এমন ক্যাপশন দেখে অনেকেই ভেবেছিল, বিমানের সহকারী পাইলট বিক্রান্তের চাচাতো ভাই। কিন্তু পরবর্তীতে অভিনেতা নিজেই তার ইন্সটাগ্রাম স্টোরিতে বিষয়টি স্পষ্ট করেছেন। ক্লিভ সুন্দর তার আপন চাচাতো ভাই নন বরং পারিবারিক বন্ধু।
/এমএস