নারী জীবনের নিঃশব্দ যন্ত্রণার গল্প নিয়ে নাট্যদল শূন্যন রেপার্টরি থিয়েটার মঞ্চে এনেছে নতুন নাটক। নাটকটির নাম ‘গোধূলিবেলায়’। আজ ২৯ জুন নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন করবে শূন্যন। এই নাটকে এককভাবে অভিনয় করবেন মোমেনা চৌধুরী। নির্দেশনায় আছেন শামীম সাগর। এর পর আরও দুটি শো অনুষ্ঠিত হবে আগামী ৬ জুলাই নিউজার্সিতে এবং ১২ জুলাই লং আইল্যান্ডে।
নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার— এই বিশ্বাসে কাজ করে যাচ্ছে শূন্যন রেপার্টরি থিয়েটার। সেই ধারাবাহিকতায় তাদের নতুন নাটক ‘গোধূলিবেলায়’। ২০১১ সালে মোমেনা চৌধুরীর নেতৃত্বে গঠিত শূন্যন শুরু থেকেই নারী অধিকার, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে নাট্যচর্চা করে আসছে। একক নাটক ‘গোধূলিবেলায়’-এ মোমেনা চৌধুরী অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও প্রযোজক হিসেবেও রয়েছেন।
নাটকে দেখা যাবে, পঞ্চাশতম বিবাহবার্ষিকীর দিন এক বৃদ্ধা মা স্মৃতির জগতে ফিরে যান— যেখানে ধরা পড়ে জীবনের চাপা কান্না, লাঞ্ছনা ও বঞ্চনার বেদনা। প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা এক নারীর নিঃশব্দ প্রতিবাদ ফুটে ওঠে পুরো নাটকে।
নাট্যকার ও অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, ‘নারীকে ঘিরে থাকা শরীর, সম্মান, স্বপ্ন এবং অপমান এই নাটক আমাদের অন্তরে ছুঁড়ে দেয় প্রশ্ন। যদি এটি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য।’
নির্দেশক শামীম সাগর বলেন, ‘এখানে আমি শুধু এক নারীর কাহিনি বলিনি, বরং ন্যায়ের অভাব আর সমাজের নীরবতার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ তুলে ধরেছি।’
নাটকটিতে আলোক পরিকল্পনা: ঠাণ্ডু রায়হান, আলোক প্রক্ষেপক: বাবর খাদেমী, সংগীত প্রক্ষেপক: সিফাত উদ্দিন পলক, কোরিওগ্রাফি, প্রপস, পোশাক: মোমেনা চৌধুরী, পোস্টার পরিকল্পনা: শামীম সাগর, প্রযোজনা অধিকর্তা: মোমেনা চৌধুরী, কৃতজ্ঞতা: কৃষ্টি (জ্যামাইকা, নিউইয়র্ক), আরণ্যক (বাংলাদেশ)।
/এমএস