মঞ্চে নতুন নাটক এনেছে জাগরণী থিয়েটার। নাটকের নাম ‘কাদামাটি’। আগামী ৪ জুলাই বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আইটিআই বাংলাদেশ সেন্টারের সভাপতি প্রফেসর আবদুস সেলিম, বিশেষ অতিথি থাকবেন নাট্যগবেষক ও বাংলাদেশ থিয়েটার আর্কাইভসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড. বাবুল বিশ্বাস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক উপপরিচালক কাদের তালুকদার। এটি জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা।
জীবন-জীবিকার তাগিদে কিংবা নিজের ইচ্ছে পূরণের ইচ্ছায় ও দৃঢ় মনোবল নিয়ে মানুষ যখন নিজের শিকড় ছেড়ে পাড়ি জমায় অন্য কোনো মাটিতে ‘কাদামাটি’ মূলত তাদের গল্প। কাদামাটির মানুষটির চারপাশে যদিও হাজার হাজার মানুষ, তবুও এক সময় না একসময় বড্ড একা মনে হয় শিকড় ছাড়া মানুষটার। এই এত বড় বড় আলোক ঝলমলে ভবনগুলো যেন গুম করে ফেলছে তাকে, কেউ যেন তাকে দেখছে না কিংবা অনুভব করছে না।
এখানে সবাই যেন তার নিজের মধ্যেই হারিয়ে যেতে চায়। এই শহরে স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে এক সময় নিজের পরিচয়টা খুঁজে পাওয়া যায় না। কিন্তু নিজের শিকড় যখন গাঁথা হয়ে যায় অন্য মাটিতে তখন এই শিকড়ের জন্যই ফিরে যাওয়া হয়ে উঠে না তার নিজের মাটিতে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।
নাটকটিতে এককভাবে অভিনয় করবেন স্মরণ সাহা। সেট ও লাইট: পলাশ হেনড্রী সেন, আবহ্ সংগীত: রামিজ রাজু, পোস্টার ডিজাইন: সোয়েব হাসনাত মিতুল, প্রক্ষেপণ: শাহানা জাহান সিদ্দিকা, সাজিদ আহমেদ রনি, শ্রেয়া সাহা স্বর্ণা, ব্যবস্থাপক: বিশ্বজিৎ পাল (গৌরাঙ্গ), মঞ্চ ব্যবস্থাপক: বাহারুল ইসলাম বাহার, প্রযোজনা অধিকর্তা: আজিম উদ্দিন।
/এমএস