বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক বদিউর রহমান। শিক্ষক ও সংস্কৃতিসেবী হিসেবে যার ব্যাপক পরিচিতি রয়েছে। গত বুধবার (১৬ জুলাই) গভীর রাতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে এই সংস্কৃতিমনা ব্যক্তিত্ব পরলোকগমন করেন।
বদিউরের মৃত্যু সংবাদ নিশ্চিত করে উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, প্রয়াত এই সংস্কৃতিসেবীর প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা জানাতে তার মরদেহ আজ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ বরিশালে তার জন্মস্থানে নিয়ে যাওয়া হবে। সেখানেই তার দাফন সম্পন্ন হবে।
বদিউর রহমান ১৯৬৮ সালে শিক্ষকতা পেশায় যুক্ত হয়ে ২০০৪ সালে সরকারি কলেজে অধ্যাপনা শেষে ২০০৪ সালে অবসর গ্রহণ করেন। তবে শিক্ষকতার পাশাপাশি একজন গবেষক, অনুবাদক ও সম্পাদক হিসেবেও তার বিশেষ খ্যাতি ছিল।
তার জীবনে তিনি প্রায় ৫০টির মতো গ্রন্থ প্রকাশ করেছেন। ‘সত্যেন সেন রচনাবলি’ (৯ খণ্ড), ‘রবীন্দ্রনাথের অনুবাদ কবিতা’, ‘নজরুল অভিভাষণ ও পত্রাবলি’, ‘ধ্রুপদী সাহিত্যতত্ত্ব’, ‘বাংলার চারণ মুকুন্দদাস’, ‘সত্যেন সমীক্ষণ’ ও ‘দ্য প্রিন্স’-এর মতো গ্রন্থগুলো তার প্রকাশিত।
উল্লেখ্য, আশির দশক থেকে উদীচীর সঙ্গে যুক্ত বদিউর রহমান ২০২২ সালের জুনে সংগঠনটির ২২তম জাতীয় সম্মেলনে সংগঠনের সভাপতি নির্বাচিত হন। তবে ২০২৫ সালের উদীচীর ২৩তম জাতীয় সম্মেলনে নির্বাচনের সময় দুই পক্ষ দ্বন্দ্বে জড়িয়ে পড়লে সাংগঠনিক সঙ্কটে পড়ে যান তিনি।
এমনকি তখন দুপক্ষের মধ্যে হাতাহাতিও হয়। তবে জুন মাসে সম্মেলনের অসমাপ্ত অংশ সম্পন্ন করে আবারও সভাপতির দায়িত্ব গ্রহণ করেন বদিউর রহমান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করছিলেন। এমন একজন সংস্কৃতি সৈনিকের প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছাঁয়া নেমে এসেছে।
/এমএস


.jpg)