কলকাতায় দেব ও কোয়েল মল্লিক জুটির সফল সিনেমা ‘পাগলু’। রাজি কুমার বিশ্বাসের পরিচালনায় ২০১১ সালে ছবিটি মুক্তি পায়। এই সিনেমাটি এখনো দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। এবার ‘পাগলু’ নামে বাংলাদেশে নির্মিত হলো একটি নাটক। এই নাটকে জুটি বেঁধেছেন মোশাররফ করিম ও সাফা কবির।
এর আগেও বেশকিছু নাটকে একসঙ্গে কাজ করেছেন তারা। আবারও একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। সেজান নূরের রচনা নাটকটি পরিচালনা করেছেন সালমান রহমান খান। সম্প্রতি এ নাটকটির শুটিং শেষ হয়েছে।
গল্পে দেখা যাবে- পাগলু (মোশাররফ করিম) বিয়ের উপযুক্ত হলেও পছন্দের মেয়ে না পাওয়ায় বিয়ে হচ্ছে না। মৃত্যুর আগে বাবার রেখে যাওয়া সম্পত্তি দিয়ে গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ান তিনি। একসময় পাশের গ্রামে নতুন শিক্ষিকা মায়া (সাফা কবির) আসেন। তাকে দেখে মুগ্ধ হয়ে পাগলু বিয়ের প্রস্তাব দেন।
কিন্তু মায়ার পরিবার বেকার ছেলের প্রস্তাব ফিরিয়ে দেয়। মায়া পাগলুকে সুযোগ দেন প্রতিষ্ঠিত হওয়ার জন্য। একটি নৈশস্কুল প্রতিষ্ঠা করেন পাগলু, যেখানে শিক্ষক হিসেবে যোগ দেন মায়া। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়।
সাফা কবির বলেন, ‘নাটকের গল্পটি দারুণ। যদিও এটি একটি কমেডি ধাঁচের নাটক। তবে এর ভেতরে সামাজিক বার্তা আছে। মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও অনেক কাজ করেছি। আশা করছি, এ নাটকটি দর্শকদের অন্যরকম ভালোলাগা তৈরি করবে।’
এতে মোশাররফ করিম ও সাফা কবির ছাড়া আরও অভিনয় করেছেন মিলি বাশার, জাবেদ গাজী প্রমুখ।
/এমএস